Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে ট্র্যাফিক, বাতির দাবিতে ঘণ্টাখানেক অবরোধ বিজেপি বিধায়কের

ইস্টার্ন বাইপাসে ট্র্যাফিক, বাতির দাবিতে ঘণ্টাখানেক অবরোধ বিজেপি বিধায়কের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: মরণফাঁদ হয়ে উঠেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত সোমবার সন্ধ্যায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। এর প্রতিবাদে বুধবার আন্দোলনে নামলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এদিন দলের কর্মী সমর্থকদের নিয়ে দুর্ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করেন। বাইপাসে পুলিসি টহল বাড়ানো, পথবাতি বসানো এবং মদের দোকান উঠিয়ে দেবার দাবি জানান বিজেপি বিধায়ক শিখা।
Advertisement
সোমবার সন্ধ্যায় ইস্টার্ন বাইপাসের দুর্ঘটনায় এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়। মায়ের সঙ্গে স্কুটারে চেপে টিউশনে যাচ্ছিল শিশুটি। রাস্তায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়। প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে চলেছে।
পথবাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় এই রাস্তা। এর জেরেই বেশি দুর্ঘটনা ঘটছে। এর আগেও ইস্টার্ন বাইপাসে পথবাতি ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে পথে আন্দোলন করেছিলেন শিখা দেবী। তাঁর অভিযোগ, প্রশাসনের গাফিলতির জেরে বার বার দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে।
বিধায়ক শিখা বলেন, ইস্টার্ন বাইপাসে পাঁচটি মদের দোকান রয়েছে। সেই জায়গাগুলিতে পথবাতি, ব্যারিকেড এবং ট্র্যাফিক ব্যবস্থা সব রয়েছে। কিন্তু ইস্টার্ন বাইপাসের বাকি অংশে কোথাও সেই ব্যবস্থা নেই। সন্ধ্যার পর বাইপাস অন্ধকার থাকে। যার জেরে দুর্ঘটনা ঘটে চলেছে। এর আগেও বহুবার এই বিষয়ে আন্দোলন করেছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। অবিলম্বে প্রশাসন এদিকে না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। পরে পুলিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তিনি। 
সম্পর্কিত সংবাদ