সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসে যানবাহন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল ট্রাফিক পুলিস। গত রবিবার রাতে এই রাস্তার বাণেশ্বর মোড়ে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর জখম হন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।
Advertisement
বারবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটায় এলাকার বাসিন্দারা ট্রাফিক পুলিসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পথবাতির দাবিতে তাঁরা সোচ্চার হন। ওই ঘটনার জেরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল। কিন্তু পথবাতি এখনও বসেনি। অকেজো পথবাতিগুলিও মেরামত করা হয়নি। বৃহস্পতিবার এই রাস্তার ঠাকুরনগরে ট্রাফিক পুলিস স্পিড ডিটেক্টর ক্যামেরা বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে। ক্যামেরায় ধরা পড়ে কোন গাড়ি ঘণ্টায় ৪৫ কিমির বেশি গতিতে ছুটছে। এদিন কয়েকটি বাইক ও গাড়ি থামিয়ে জরিমানাও আদায় করে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, রাত ১০টা পর্যন্ত ট্রাফিক পুলিস যানবাহন নিয়ন্ত্রণের উপর কড়া নজরদারি রাখবে। তারপর সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে টহলদারি বাড়াতে।