Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্ট বেঙ্গলের প্রাক্তনীদের নিয়ে বাইচুংয়ের প্রীতি ফুটবল ম্যাচ

ইস্ট বেঙ্গলের প্রাক্তনীদের নিয়ে বাইচুংয়ের প্রীতি ফুটবল ম্যাচ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে তরুণ সমাজের একাংশের মধ্যে মাদকের নেশা ছড়িয়েছে। আর এতে উদ্বিগ্ন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। মাদক থেকে তরুণ সমাজকে দূরে সরে থাকার আবেদনে শিলিগুড়িতে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন বাইচুং ভুটিয়া। তিনি একা নন, সংগ্রাম মুখোপাধ্যায়, রহিম নবি, মেহেতাব হোসেন, আরভিটো ডি’কুনহা সহ এশিয়ান কাপ জয়ী ইস্ট বেঙ্গল দলের একঝাঁক সদস্যকে নিয়ে আগামী ২৩ জানুয়ারি শিলিগুড়ি মেয়র একাদশের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামবেন বাইচুং। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিনি। 
Advertisement
এই প্রদর্শনী ফুটবল ম্যাচের মূল উদ্যোক্তা শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মেয়র পরিসদ সদস্য (শিক্ষা-সংস্কৃতি) শোভা সুব্বা। এমআইসি বলেন, আমরা ধারাবাহিকভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতা প্রচারে চালাচ্ছি। তারই অঙ্গ হিসেবে ২৩ জানুয়ারি শালুগারা গুম্ফার পিছনের মাঠে ‘নেতাজি ফ্রিডম কাপ’ নামে এই প্রদর্শনীর ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে কোনও প্রবেশ মূল্য নেই। সকলে খেলা দেখতে আসুন ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, এটাই আমাদের লক্ষ্য। 
বাইচুং বলেন, শিলিগুড়িতে ভয়ঙ্করভাবে তরুণ সমাজের মধ্যে মাদকের নেশা থাবা বসিয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের নেশা থেকে সরিয়ে আনতে গেলে তাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করতে হবে। মাঠ থেকে সরে যাওয়ার কারণে বিপথগামী হচ্ছে এরা। খেলের অন্যতম উদ্যোক্তা সংগঠনের পক্ষে রাজ বসু বলেন, নেতাজি ফ্রিডম কাপ এবার শুরু হচ্ছে। ইস্ট বেঙ্গল তারকা বনাম শিলিগুড়ি মেয়র একাদশ খেলবে। মাদকমুক্ত অঞ্চল গড়ার আবেদনে তরুণ প্রজন্মকে খেলা ও পর্যটনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা ধারাবাহিক প্রচার চালাচ্ছি। ২৩ জানুয়ারি এই ম্যাচকে কেন্দ্র করে শালুগাড়ায় যে উৎসব হবে তার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের ডাক দেওয়া হয়েছে।  
সম্পর্কিত সংবাদ