Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ বক্সা পাহাড়ের দুর্গম চুনাভাটি গ্রামের শেরিংয়ের

ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ বক্সা পাহাড়ের দুর্গম চুনাভাটি গ্রামের শেরিংয়ের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
রবীন রায়, আলিপুরদুয়ার: সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০০ ফুট উচ্চতায় বক্সা পাহাড়ের দুর্গম চুনাভাটি গ্রাম। সেখানেই বাড়ি তরুণ ফুটবলার শেরিং ডুকপার। শেরিংকে স্থানীয়রা বলেন, ‘চুনাভাটির পাহাড়ি বিছে’। যদিও শেরিংয়ের আইডল আসল পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। সেই চুনাভাটির প্রতিভা শেরিংকে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে। 
Advertisement
কিন্তু চুনাভাটির মতো দুর্গম পাহাড়ি গ্রামে থেকে ফুটবল জার্নির পথ একেবারেই মসৃণ ছিল না শেরিংয়ের। বাবা মেষ পালক। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তাই খেলার বুট ও জার্সি কিনতে ট্যুরিস্ট গাইডের কাজও করতে হয় শেরিংকে। পাশাপাশি চুনাভাটির মতো পাহাড়ি গ্রামে মাঠও নেই। তাই নিয়মিত অনুশীলন করার জন্য বাড়ি থেকে ছয় কিমি দূরে গিয়ে বক্সা ফোর্টের এক চিলতে মাঠে অনুশীলন করত শেরিং। 
বাবা কোনও দিন চায়নি ছেলে ফুটবল খেলুক। ফুটবলের বদলে ছেলে পড়াশোনা করুক এটাই চাইত বাবা। কিন্তু ফুটবল যাঁর রক্তে সে কী তা ছাড়তে পারে। ফলে যেখানেই টুর্নামেন্টের খবর পেত শেরিং ছুটে যেত সেখানে। ফুটবলের কোচিং নিতে জয়গাঁয় বাড়ি ভাড়া পর্যন্ত নিয়েছিল সে। সেখানেই জয়গাঁ ইউনাইটেড অ্যাকাডেমিতে দু’বছর ফুটবলের কোচিং নেয়। জয়গাঁ ফুটবল অ্যাকাডেমির প্রশিক্ষক গোবিন্দ বিশ্বা বলেন, শেরিং অসম্ভব পরিশ্রম করতে পারে। অনুশীলনে তাঁর কোনও দিন অনীহা ছিল না। সবার আগে মাঠে যেত। 
বীরপাড়া জুবিলি ক্লাবের ফুটবল প্রতিভা অন্বেষণ প্রকল্পে ডাক পায় ডুকপা জনজাতির শেরিং। সেখানে চুটিয়ে ফুটবল অনুশীলন করত সে। এরপর সেই ক্লাবের হয়ে রাজ্যস্তরের ফুটবল খেলতে কলকাতায় যায়। তখনই ইস্ট বেঙ্গল ক্লাব কর্তাদের নজরে পড়ে যায় শেরিং। ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তাদের ছিল জহুরির চোখ। তাঁরা হিরে চিনতে ভুল করেননি। ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তাঁদের অনূর্ধ্ব-১৭ ফুটবল টিমে অন্তর্ভুক্ত করে নেয় ওই কিশোর ফুটবলারকে। পাহাড়ি বিছে বাইচুংয়ের মতো শেরিংও স্ট্রাইকার পজিশনে খেলতে অভ্যস্ত। 
ইস্ট বেঙ্গল ক্লাবের অনূর্ধ্ব-১৭ মূল ফুটবল দলের নিয়মিত সদস্য হওয়া একমাত্র লক্ষ্য বলে জানিয়েছে শেরিং ডুকপা। জানায়, আগামী দিনে ইস্ট বেঙ্গল ক্লাবের সিনিয়র ফুটবল দলে খেলাও আমার অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই এগচ্ছি আমি। 
সম্পর্কিত সংবাদ