Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারত-বাংলাদের সীমান্তে পাটচাষ নিয়ে সমস্যা মিটল বাহিনীর বৈঠকে

ভারত-বাংলাদের সীমান্তে পাটচাষ নিয়ে সমস্যা মিটল বাহিনীর বৈঠকে
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট : ভারত– বাংলাদেশ সীমান্তে পাট চাষ নিয়ে সমস্যার সমাধান করল সীমান্ত রক্ষী বাহিনী। তেহট্ট-১ ব্লকের সীমান্তের গ্রামগুলোর পাট চাষিদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে সেই সমস্যার সমাধান হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ। সেখানে কাঁটাতারের বাইরে ৬৫ মিটার ও ভারতের দিকে ৩০ মিটার ফাঁকা রেখে চাষিরা পাট চাষ করতে পারবে। এই অনুমতি পেয়ে খুশি পাট চাষিরা। 

Advertisement

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তেহট্ট -১ ব্লকের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত সীমান্ত ঘেঁষা। নাটনা, পাথরঘাটা -১ ও ২ , বেতাই -১  গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম একদম কাঁটা তার লাগোয়া। তেহট্ট এলাকায় মুল অর্থকরী ফসল হচ্ছে পাট। পাট লাগানোতে অন্য জায়গায় সমস্যা না হলেও সীমান্ত এলাকায় সমস্যা হয়। সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে নজরদারির অসুবিধার জন্য সীমান্ত এলাকায় পাট চাষ না করার জন্য চাষিদের বলে। এতে চাষিরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা পাট চাষ করে একসঙ্গে বেশ কিছু টাকার মুখ দেখেন। সেটা বন্ধ হলে তাঁদের জীবনে সমস্যা নেমে আসবে। তাই চাষিরা প্রশাসনের আধিকারিক ও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনী, প্রশাসনের আধিকারিক ও চাষিদের নিয়ে নাটনা সীমান্ত রক্ষী বাহিনী ক্যাম্পে বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় চাষিরা সীমান্তে পাট চাষ করতে পারবে তবে শর্ত সাপেক্ষে। সীমান্তের দুই দিকে বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখে পাট চাষ করা যাবে। কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ৬৫ মিটার ফাঁকা রাখতে হবে। আর এপারে অর্থাৎ ভারতের দিকে ৩০ মিটার ফাঁকা রাখতে হবে। চাষিরা এই শর্তে রাজি হয়ে পাট চাষ শুরু করেছে। নবীন নগরের এক পাট চাষি বলেন, সীমান্ত রক্ষী বাহিনী যেটা বলেছে সেটা সঠিক। আমাদের সুরক্ষার জন্য তাঁরা দুই দিকে ওই জায়গা ছেড়ে দিতে বলেছে। যাতে তাঁরা তাঁদের নজরদারি ঠিকঠাক চালিয়ে যেতে পারে। তারপরে আমাদের যে পাট চাষে তাঁরা অনুমতি দিয়েছে তাতে আমরা খুশি। আমরা পাট চাষ শুরু করে দিয়েছি। 
বৈঠকে উপস্থিত ছিলেন তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ। তিনি বলেন সীমান্ত রক্ষী  বাহিনী দুই দিকে বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখে পাট চাষের অনুমতি দিয়েছে। সেটা দেওয়ায় সীমান্তের পাট চাষিদের মুখে হাসি ফুটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ