নয়াদিল্লি: দেশবাসীর নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা কাজ করে চলেছে ১০টি কৃত্রিম উপগ্রহ। গত সপ্তাহে একথা বলেছিলেন ইসরো প্রধান ডঃ ভি নারায়ণন। এবার অন্ধকারে নজরদারি চালানোর ক্ষেত্রে আরও শক্তিশালী হতে চলেছে ভারত। সৌজন্যে ইসরোর ইওএস-৯ রেডার ইমেজিং স্যাটেলাইট। সব ঠিক থাকলে আজ সকাল ৫টা ৫৯ নাগাদ শ্রীহরিকোটা থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে এই অত্যাধুনিক উপগ্রহ। ওজন ১ হাজার ৬৯৬ কেজি। পৃথিবীর থেকে ৫০০ কিমি উপরে থাকবে এই ‘গুপ্তচর’ উপগ্রহ। এটি ইসরোর ১০১তম উৎক্ষেপণ। দেশীয় পদ্ধতিতে তৈরি এই উপগ্রহ অন্ধকারের পাশাপাশি সবরকম আবহওয়ায় স্পষ্ট ছবি তুলতে সক্ষম। যা কার্টোসাট ৩ -এর পাঠানো ছবির তুলনায় অনেক বেশি পরিষ্কার। আজ উৎক্ষেপণ স্থলে উপস্থিত থাকবেন বিজ্ঞান,প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।



