দোহা ও জেরুজালেম: হামাসকে সমূলে মুছে ফেলতে এবার কাতারেও হামলা চালাল ইজরায়েলি সেনা। কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক সদর দপ্তর অবস্থিত। ওই দপ্তরকেই টার্গেট করেছিল ইজরায়েল। মঙ্গলবার সেখানে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আকাশপথে হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েলি সেনা। তারা এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে নিখুঁত আক্রমণ করা হয়েছে। হামাসের নেতারা দীর্ঘদিন ধরেই গা-ঢাকা দেওয়ার জন্য কাতারকে বেছে নিয়েছেন। এর আগে ইজরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতার দায়িত্বও সামলেছে কাতার। তাই ইজরায়েলের হামলা তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনার তীব্র নিন্দা করেছে কাতার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ইজরায়েল বা কাতার কোনও মন্তব্য করেনি।



