নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর সঙ্কটে ভারতীয় ফুটবল। এফএসডিএলের সঙ্গে মৌ চুক্তি এখনও সই হয়নি। ফলে বিশ বাঁও জলে আইএসএল। রোডম্যাপ কার্যত চৌপাট। প্রায় থমকে গোটা সিস্টেম। এফএসডিএলের সঙ্গে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের বৈঠকেও সুরাহা মেলেনি। আইএসএল আদৌ হবে তো? উদ্বিগ্ন ফুটবল মহল। এমনকী, গত মরশুমের সেন্ট্রাল পুলের মোটা টাকা বকেয়া। আইএসএল থেকে কমবেশি প্রায় ১৫ কোটি টাকা পায় ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি। ডামাডোল চলায় তা’ও মেটানো হয়নি। সূত্রের খবর, কোণঠাসা অবস্থায় নতুন মাস্টার প্ল্যান পেশ করেছে এফএসডিএল। সেক্ষেত্রে খরচ কমাতে ১২ দলের লিগ করার প্রস্তাব থাকছে। ক্লাব, এফএসডিএল ও ফেডারেশন কর্তাদের নিয়ে বিশেষ বোর্ড তৈরি হবে। তাদের হাতেই লিগের দায়িত্ব। এখানেই শেষ নয়। নতুন পরিকল্পনা কার্যকর হলে ৬০ শতাংশ শেয়ার থাকবে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির হাতে। এফএসডিএল পাবে ২৬ শতাংশ শেয়ার। মাত্র ১৪ শতাংশের মালিক ফেডারেশন। অর্থাৎ সর্বভারতীয় ফুটবল সংস্থার অস্তিত্ব আরও বিপন্ন হতে চলেছে। আর্থিক সমস্যায় জেরবার ফেডারেশন এখন উভয় সঙ্কটে। তাই ১৬ দলের পাল্টা লিগ করার ভাবনা থাকলেও তা ধোপে টেকেনি।
২০১০ সালে ফেডারেশনের সঙ্গে চুক্তি হয় আইএমজি রিলায়েন্সের। নামেই বাণিজ্যিক পার্টনার। আসলে সেদিনই ঘুরপথে অস্তিত্ব হারায় ফেডারেশন। কার্যত এফএসডিএলের অঙ্গুলিহেলনেই চলছিল সবকিছু। ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। কিন্তু ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের সম্পর্কে তাল কেটেছে অনেকদিন। নানা মামলায় জর্জরিত কল্যাণ চৌবেরা। তাতে প্রচণ্ড বিরক্ত এফএসডিএল। এমনকী, আইএসএলের অবনমন চালু নিয়েও রয়েছে মতানৈক্য। আই লিগ চ্যাম্পিয়নদের বিনা ফ্র্যাঞ্চাইজি ফিতে আইএসএলে খেলার সুযোগ মেলে। দেশের ১ নম্বর লিগের আয়োজকরা এই নিয়ম মানতে নারাজ। কার্যত গিলতে হচ্ছে তাদের। পাশাপাশি লোকসানের বহর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে খরচে রাশ টানার পাশাপাশি এবার বিকল্প পথের সন্ধানে এফএসডিএল। নতুন চুক্তি সই নিয়ে ঘটা করে কমিটি গড়ে ফেডারেশন। যার মাথায় রয়েছেন খোদ সভাপতি। কিন্তু কর্পোরেট কর্তাদের সঙ্গে বারবার আলোচনাতেও বরফ গলেনি। আর মাস্টার রাইটস সই না হলে কোনওকিছুই এগবে না। পাশাপাশি নির্বাচন নিয়েও দামামা বাজছে ফেডারেশনের অন্দরে। সুপ্রিম কোর্টের নির্দেশের উপর সবকিছুই নির্ভরশীল।
এদিকে, আইএসএলের পাশাপাশি ডুরান্ডের আকাশেও অনিশ্চয়তার মেঘ। ফেডারেশনের ক্যালেন্ডার অনুযায়ী ২৩ জুলাই টুর্নামেন্টের উদ্বোধন। কিন্তু মুম্বই, গোয়া, চেন্নাই, বেঙ্গালুরুর মতো দল ইতিমধ্যেই বেঁকে বসেছে। আইএসএল নিয়ে পরিষ্কার ছবি না পেলে দল নামাতে নারাজ তাঁরা। তবে মোহন বাগান ও এফসি গোয়া এএফসির স্লট পেয়েছে। তাই আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।