সংবাদদাতা, ডোমকল: যুবতীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। মৃতার নাম তাপসী মন্ডল (২১)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের চর দৌলতপুরে। মৃতার প্রেমিকের বিরুদ্ধে মেয়েকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার মৌখিকভাবে অভিযোগে সরব হয়েছেন তাঁর বাবার বাড়ির লোকজন। যদিও বুধবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় কারও নামে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিস। হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানিনগর থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, তাপসী মন্ডল নামের ওই যুবতীর বছর সাতেক আগে পাশের এলাকার এক যুবকের বিয়ে হয়েছিল। তাঁর এক সন্তানও রয়েছে। কিন্তু এরমধ্যেই প্রায় সাত মাস আগে স্বামীকে ছেড়ে চর দৌলতপুরের এক যুবকের সঙ্গে পালিয়ে যান তিনি। এরপরে প্রেমিকের সঙ্গেই ছিলেন। মৃতার পরিবারের দাবি মাঝেমধ্যেই ওই যুবক তাঁদের মেয়ের ওপর অত্যাচার চালাত। এরপরই বুধবার দুপুরে তাপসীর বাড়ির লোক জানতে পারেন তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। তারপরই তাঁরা ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগে মৌখিকভাবে সরব হোন। মৃতার মা মাধবী মন্ডল বলেন , মেয়ে সাত মাস ধরে স্বামী, সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকত। আমাদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখত না। তবে প্রতিবেশীদের মারফৎ মাঝেমধ্যেই শুনতাম মেয়েকে মারধর করা হত। বুধবার ওর প্রেমিক ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক যুবতীর প্রেমিক ও তার বাড়ির লোকজন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।



