সংবাদদাতা, বহরমপুর: টোটো উল্টে জখম হলেন একই পরিবারের চারজন। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বহরমপুর-ডোমকল রাজ্যসড়কের উপর ইসলামপুর থানার দেবাইপুর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জখম চারজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টোটো চালক অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। জখম ওই চারজনের বাড়ি শিশাপুরে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে একই পরিবারের চারজন সদস্য টোটোয় শিশাপুর থেকে বেনীপুর যাচ্ছিলেন। দেবাইপুর ব্রিজের কাছে আচমকা টোটোর সামনে সাইকেল নিয়ে এক বালক এসে পড়ে। ঘটনার আকস্মিকতায় টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে টোটোটি উল্টে যায়। দুর্ঘটনায় চারজনই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। জখম শেফালি বিবি বলেন, আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে যাচ্ছিলাম।



