সংবাদদাতা, ইসলামপুর: নতুন বছরে ৩ কোটি টাকায় ৪০টি রাস্তার কাজ শুরু হচ্ছে ইসলামপুর পুরসভা এলাকায়। এজন্য এখন থেকেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। একসঙ্গে এতগুলি রাস্তার কাজ হবে জানতে পেরে খুশি বাসিন্দারা। বাসিন্দারা বলছে, শহরের ছোটখাট বেশকিছু রাস্তা বেহাল হয়ে পড়েছিল। মেরামতের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার পুর কর্তৃপক্ষের পদক্ষেপে সেই দাবি পূরণ হতে চলেছে। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাস্তার জন্য রাজ্য থেকে তিন কোটি বরাদ্দ পাওয়া গিয়েছে। ওই টাকা ব্যয়ে ৪০টি রাস্তার কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। নতুন বছরে রাস্তাগুলির কাজ হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৪নং ওয়ার্ডের ঠাকুরপাড়ায় এতদিন কাঁচা রাস্তা ছিল। এবার সেখানে ঢালাই রাস্তা করা হবে। মিলনপল্লিতে পিচের রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি মেরামত করা হবে। ১০নং ওয়ার্ডের চুরিপট্টি এলাকায় পেভার্স ব্লক বসিয়ে রাস্তা হবে। উকিলপাড়ার পিচের রাস্তায় দীর্ঘদিন থেকেই খারাপ হয়ে আছে। ওই রাস্তাটি এবার পেভার্স ব্লক বসানো হবে। ১৩নং ওয়ার্ডের দক্ষিণ শান্তিনগড়া, মেলামাঠ সহ প্রতিটি ওয়ার্ডেই দুই-তিনটি করে রাস্তার কাজ হবে। ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা দাসের স্বামী বিক্রম দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় গোটা রাজ্যের সঙ্গে ইসলামপুর পুরসভা এলাকায়ও প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে। প্রচুর নতুন রাস্তা, বেহাল রাস্তার মেরামতির কাজ হয়েছে। নতুন বছরেও প্রচুর কাজ হবে। সুমন বিশ্বাস, প্রভা মণ্ডলরা বলেন, বাসিন্দাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম রাস্তাঘাট। নতুন বছরের শুরুতেই রাস্তাগুলির কাজ হলে ভালো হবে।



