Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে নিষ্ক্রিয় তৃণমূলের শ্রমিক সংগঠন, পালন করা হয়নি প্রতিষ্ঠা দিবসও

ইসলামপুরে নিষ্ক্রিয় তৃণমূলের শ্রমিক সংগঠন, পালন করা হয়নি প্রতিষ্ঠা দিবসও
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের অন্যতম শাখা সংগঠন আইএনটিটিইউসি কার্যত শীতঘুমে চলে গিয়েছে। কয়েক বছর সংগঠনের উল্লেখযোগ্য কর্মসূচি নেই। গত সোমবার সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা দিবসও উদযাপন হয়নি বলে অভিযোগ। নেতৃত্বের এই গাছাড়া ভাব জেলা নেতৃত্বের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। 
Advertisement
সংগঠন সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরে চা বাগান, বিড়ি, পরিবহণ ও প্রচুর সংখ্যক নির্মাণ শ্রমিক আছেন। অসংগঠিত ক্ষেত্রের ওই শ্রমিকদের আইএনটিটিইউসি‘র ছাতার তলায় আনা, তাদের দাবিদাওয়া সরকারের সামনে তুলে ধরা এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়ে শ্রমিকদের আন্দোলনমুখী করা হচ্ছে  না। সংগঠনের জেলা সভাপতি শেখর দাস বলেন, ইসলামপুরে সংগঠন দুর্বল, সেটা আমিও জানি। এখন থেকেই ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে আমাদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। ইসলামপুরে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়নি। কেন হয়নি সেই বিষয় নিয়ে সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলব। 
আইএনটিটিইউসি ইসলামপুর টাউন সভাপতি মানস দাসের কথায়, পরিবহণ শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। সেখানেই সবাই উপস্থিত ছিলাম। তবে এটা ঠিক যে এবছর ছোট আকারে করা হয়েছে। ছোটখাটো কর্মসূচি সারা বছরই চলছে। 
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরউদ্দিনের মন্তব্য, কয়েক বছর ব্লক কমিটির কোনও কর্মসূচি হয়নি। দলের টাউন ও ব্লক কমিটি প্রতিষ্ঠা দিবসও পালন করেনি। যাঁরা ভাবছেন শুধু পদ নিয়ে বসে থাকবেন, তাঁদের জন্য এই সংগঠন নয়। শ্রমিকের স্বার্থ রক্ষা করা, তাদের সচেতন করার কাজ লাগাতার চালিয়ে যেতে হবে। যাঁরা কাজ করছেন না, সংগঠন শীঘ্রই কড়া ব্যবস্থা নেবে। সংগঠনের ইসলামপুর ব্লক সভাপতি আতাবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। মেসেজের উত্তরও দেননি তিনি।
সম্পর্কিত সংবাদ