Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুর মহকুমা হাসপাতালে চালু ডায়ালিসিস ইউনিট

ইসলামপুর মহকুমা হাসপাতালে চালু ডায়ালিসিস ইউনিট
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালে ৫ বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হল সোমবার। এতদিন ডায়ালিসিসের জন্য রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হতো। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া ইসলামপুর শহরজুড়ে।
Advertisement
স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। বিধায়কের সঙ্গে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, হাসপাতাল সুপার সুরজ সিনহা প্রমুখ।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ডায়ালিসিস ইউনিটটি পরিষেবা দেবে। এজন্য ২০২০ সাল থেকে প্রক্রিয়া শুরু হয়। কোভিডের জন্য পিছিয়ে যায়। 
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ইউনিটে ৫ টি বেড আছে। একটি বেড ইনফেক্টেড রোগীদের জন্য রাখা হয়েছে। আজ, মঙ্গলবার ট্রায়াল হবে। বুধবার থেকে ডায়ালিসিস পুরোদমে চালু হবে। পরে প্রয়োজনে ইউনিটটি ২৪ ঘণ্টা চালু থাকবে। বেডও বাড়ানো হতে পারে।
জেলাশাসক বলেন, ইসলামপুরের মানুষকে আগে ডায়ালিসিস করার জন্য শিলিগুড়ি যেতে হতো। এবার ইসলামপুরেই এই পরিষেবা পাবেন মানুষ। একই বক্তব্য বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের। তাঁদের সংযোজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ- সব। হাসপাতালগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ  ইউনিট চালু হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। 
সম্পর্কিত সংবাদ