সংবাদদাতা, ইসলামপুর: মাটির তলা থেকে উদ্ধার হওয়া সিন্দুক থেকে তেমন কিছুই মিলল না। বুধবার বিকেলে ইসলামপুরের তিস্তাপল্লি সংলগ্ন মাঠে ডেপুটি মাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিস ও প্রশাসন সিন্দুকটি ভাঙে। মঙ্গলবার ইসলামপুরের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরোশিয়া এলাকার বাসিন্দা মহম্মদ আকিলউদ্দিন পাকা ঘর তৈরির কাজ শুরু করেছেন। পিলার বসানোর জন্য খোদাই করার সময় মাটির তলায় একটি সিন্দুক মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস গিয়ে সিন্দুকটি উদ্ধার করে। লোহার তৈরি ওই সিন্দুকটি প্রায় তিন কুইন্টালের বলে দাবি বাড়ির সদস্যদের। বুধবার প্রথমে সিন্দুকটি পরীক্ষা করে দেখা হয় ভিতরে বিস্ফোরক কিছু আছে কি না। পরে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বাড়ির মালিক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ দুই প্রতিনিধি এবং আইসির উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে সিন্দুকটি খোলা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ মুস্তাক বলেন, সিন্দুক কাটার সময় আমি উপস্থিত ছিলাম। সিন্দুকের ভিতরে তিনটি লকার ছিল। ১৯৪৬ সালের একটি এক টাকার কয়েন, রুপোর দু’টি চুড়ি ও একটি বাজুবন্ধ উদ্ধার হয়েছে। বাড়ির মালিক আকিলউদ্দিন বলেন, আমার বাবা চাষবাসের পাশাপাশি সুদের কারবার করতেন। ভেবেছিলাম সিন্দুক থেকে অনেক ধনসম্পদ পাওয়া যাবে। তবে তেমন কিছু মেলেনি। ইসলামপুরের অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা জানান, উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।



