Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের দু’দিন পরেও জানা গেল না পরিচয়

ইসলামপুরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের দু’দিন পরেও জানা গেল না পরিচয়
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে মজে যাওয়া নালা থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর দু’দিন কেটে গেলেও মৃতার পরিচয় জানতে পারল না পুলিস। বিভিন্ন থানায় খোঁজ নেওয়া, সোর্স ইনপুট কাজে লাগানোর পাশাপাশি মাইকিং করে মৃতার পরিচয় জানার চেষ্টা চালিয়েও লাভ হয়নি। এদিকে ক্রাইম স্পট থেকেও তেমন সূত্র না মেলায় তদন্ত চালাতে পুলিসকে খানিকটা বেগ পেতে হচ্ছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মৃতার পরিচয় জানা গেলেই দ্রুত নিষ্পত্তি করা যাবে।
Advertisement
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ইসলামপুরের ঈশাননগরে রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে মজে যাওয়া নালা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হয়। যুবতীর মাথা নালার জলে ডুবে থাকায় অক্ষত থাকলেও বুক, দুই হাত সহ একদিকের পায়ের বেশিরভাগ অংশের মাংস ছিল না। শিয়াল-কুকুরে খুবলে খেয়েছে বলে পুলিস ও স্থানীয় বাসিন্দারা অনুমান করেন। ওই সময়ে যুবতীর পরনে ছিল পাজামা। যুবতীর দেহ উদ্ধারের পর তাঁর গলায় কাটা দাগ দেখা যায়। তা থেকে যুবতীকে খুন করা হয়েছে বলেই অনুমান করছেন তদন্তকারীরা। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও দেহ শনাক্তকরণ না হওয়ায় ধন্দে পুলিস কর্তারা। স্পট থেকেও সেভাবে নমুনা না পাওয়ায় তদন্ত প্রক্রিয়ায় খানিকটা বেগ পেতে হচ্ছে আধিকারিকদের। পুলিস আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সেই সঙ্গে যুবতীর দেহ শনাক্তকরণের চেষ্টা চালানো হচ্ছে। 
পুলিস সূত্রের খবর, যুবতীর পরিচয় জানার জন্য আশপাশের থানাগুলিতে জানানো হয়েছে। সঙ্গে এলাকায় চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। যুবতীর ছবি দেখিয়ে এর আগে তাঁকে এলাকায় দেখা গিয়েছে কি না, সেটাও জানার চেষ্টা চলছে। যুবতীর পরিচয় জানতে পুলিস এলাকায় মাইকিং পর্যন্ত করছে। 
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে। টিম গঠন করে আমরা যুবতীর দেহ শনাক্তকরণের বিষয়টিতেই জোর দিয়েছি। সঙ্গে চলছে তদন্তও।
সম্পর্কিত সংবাদ