Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুর গভর্নমেন্ট আইটিআইয়ে পড়া ৮৭ জনকে কাজের সুযোগ

ইসলামপুর গভর্নমেন্ট আইটিআইয়ে পড়া ৮৭ জনকে কাজের সুযোগ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ১৮ হাজার মাসিক বেতনের কাজের সুযোগ আইটিআইয়ে পড়ে। সোমবার ইসলামপুর গভর্নমেন্ট আইটিআইয়ে চাকরি মেলা (জব ফেয়ার) হল। ছ’টি প্রাইভেট কোম্পানির প্রতিনিধিরা ছাত্রদের ইন্টারভিউ নেয়। পাশ করার পর কাজে যোগ দিলেই শুরুতেই ১৮ হাজার মাইনে হবে বলে জানা গিয়েছে।
Advertisement
ইসলামপুর আইটিআই সূত্রে জানা গিয়েছে, এদিনের চাকরি মেলায় পাস আউট ও রানিং বিভিন্ন ট্রেডের ২০০ জন ছাত্র রেজিস্টেশন করেন। এরমধ্যে ১৮১ জন উপস্থিত হf। ছ’টি কোম্পানি বিভিন্ন ট্রেডের ছাত্রদের ইন্টারভিউ নেয়। ৮৭ জন ছাত্র ইন্টারভিউয়ে পাশ করেছেন। তাঁরা কাজে যোগ দিতে চাইলে কোম্পানি তাঁদের নিয়োগ দেবে। পড়ুয়ারা জানিয়েছেন, এর আগেও জব মেলা হয়েছে। ইন্টারভিউ পাশ করার পর অনেকে কাজে যোগ দেন না। কারণ মাসিক বেতন খুবই কম থাকে। বাইরে থাকা খাওয়ায় অনেক টাকা খরচ হয়ে যায়। তাই কম বেতনের কারণে অনেকেই কাজে যোগ দেন না। তবে এবার বেতন ভালো। আইটিআইয়ের অফিসার (প্রশাসন) পার্থ সাহা বলেন, ছ’টি কোম্পানির প্রতিনিধিরা এসেছিল। ইন্টারভিউ নিয়েছে। ৮৭ জন পাশ করেছে। বর্তমানে বিভিন্ন রাজ্যে ডেলি ওয়েজে কিছু পরিবর্তন হয়েছে। তাই কোম্পানিগুলি শুরুতেই ১৮ হাজার টাকা দেবে বলে জানিয়েছে। ছ’টি কোম্পানির মধ্যে একটি ট্রাক্টর কোম্পানির ইসলামপুর শাখাও ছিল। একটি নির্মাণ সংস্থা ছিল। তারা মাসিক বেতনের পাশাপাশি থাকা ও খাওয়াও দেবে। বর্তমানে আইটিআই কোর্স করার পর ভালো বেতনে কাজের সুযোগ প্রচুর আছে। এদিন আইটিআইয়ে জব মেলা পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ইসলামপুরেও আইটিআই স্থাপন করেছেন। ফলে এলাকার বহু বেকার যুবক-যুবতী এক অথবা দুই বছরের কোর্স করে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
সম্পর্কিত সংবাদ