Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে ডেঙ্গু মোকাবিলায়  প্রচারে পুলিসও

ইসলামপুরে ডেঙ্গু মোকাবিলায়  প্রচারে পুলিসও
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ খুবই খারাপ হয়েছে। আক্রান্তের সংখ্যা ২৯৩ ছাড়িয়েছে। ডেঙ্গুতে মৃত্যু পর্যন্ত ঘটেছে। রানিনগর-১ ব্লকের ইসলামপুর ও আশপাশের এলাকায় ডেঙ্গু রুখতে ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও অন্য জনপ্রতিনিধিরা হিমসিম খাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এগিয়ে এসেছে ইসলামপুর থানার পুলিস। চোর-ডাকাত ধরার পাশাপাশি এখন ডেঙ্গুর মশা দাপাদাপি রুখতে পুলিস সচেতনতা প্রচার করছে।
Advertisement
পুলিসের উদ্যোগে দিনভর বিভিন্ন এলাকায় মাইকের সাহায্যে সচেতনতা প্রচার করা হচ্ছে। বাসিন্দাদের বোঝানো হচ্ছে, ডেঙ্গু রুখতে নিজেদের সচেতন থাকাটা কত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, পরিবারকে কীভাবে সুস্থ রাখতে হবে-সেসব নিয়ে কয়েকদিন ধরেই পুলিস লাগাতার প্রচার চালাচ্ছে। এছাড়া, বৃহস্পতিবার ইসলামপুর থানাতেই ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজিত হয়। শিবিরের জন্য ইসলামপুর থানার বিভিন্ন অংশে ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে পোস্টার লাগানো হয়েছিল। ওই শিবিরে উপস্থিত সাধারণ মানুষের জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেই টিফিনবাক্সেও ডেঙ্গু সচেতনতা নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছিল।
ডেঙ্গু রুখতে কী কী করতে হবে, সেবিষয়ে এদিন শিবিরে উপস্থিত গ্রামবাসীদের সচেতনতার পাঠ দেন পুলিস আধিকারিকরা। সেখানে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, সিআই সৌমজিৎ মল্লিক, রানিনগর-১ এর বিএমওএইচ হাসানুল হাসিন সহ পুলিস ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রামবাসীদের সচেতন করার পর ইসলামপুর থানার তরফে তাঁদের হাতে মশারি তুলে দেওয়া হয়। এদিন থানার তরফে প্রায় ২০০টি মশারি বিলি করা হয়।
থানার এক আধিকারিক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরাও এগিয়ে এসেছি। এদিন একটি সচেতনতা শিবির করা হয়েছে। ডেঙ্গু রুখতে এরকম কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।
সম্পর্কিত সংবাদ