সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে থানার পাশেই বিক্ষোভ সমাবেশ। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের (ফিটো) উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ীদের একাধিক সংগঠনের নেতৃত্ব। পরে আইসি হীরক বিশ্বাসের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি রেস্তরাঁয় দফায় দফায় দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, হামলার পর পুলিস নীরব দর্শকের ভূমিকায় ছিল। পাশাপাশি শহরের মাদক কারবারীদের বারবাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছে নেতৃত্ব। ফিটোর সভাপতি কানাইয়ালাল বোথরা বলেন, বিভিন্ন সময়ে ব্যবসায়ীরা মার খাচ্ছেন। তাঁদের নিরাপত্তা দাবি করেছি। ১৫-২০ বছর বয়সের ছেলেরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। সন্ধার পরে বিভিন্ন জায়গায় মাদকের ঠেক বসে যাচ্ছে। এই বিষয়ে পুলিসকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, পাঁচদফা দাবি জানিয়ে আইসি হীরক বিশ্বাসকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



