Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুর: নদীর জলে কার্তুজ, স্নান করতে নেমে পেল কিশোররা

নদীতে স্নান করতে নামা কিশোরের হাতে উঠে এল কার্তুজ। একটি-দু’টি নয়, প্রায় ৩০ টি কার্তুজ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দোলঞ্চা নদী থেকে।

ইসলামপুর: নদীর জলে কার্তুজ, স্নান করতে নেমে পেল কিশোররা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: নদীতে স্নান করতে নামা কিশোরের হাতে উঠে এল কার্তুজ। একটি-দু’টি নয়, প্রায় ৩০ টি কার্তুজ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দোলঞ্চা নদী থেকে।

Advertisement

সোমবার বিকেলে ইসলামপুরের পূর্ববস্তি খবরগাঁ এলাকায় একদল কিশোর দোলঞ্চা নদীর ধারে ক্রিকেট খেলছিল। সেই সময় এক কিশোর নদীতে স্নান করতে নামে। পায়ে কিছু ঠেকতেই ডুব দিয়ে সেটি তোলার চেষ্টা করে সে। কার্তুজকে খেলনা ভেবে অন্য বন্ধুদের দেখায় ওই কিশোর। তারাও সময় নষ্ট না করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। শুখা মরশুমে নদীতে খুব বেশি জল নেই। খোঁজাখুঁজি করতেই সকলের হাতে একটি-দুটি করে কার্তুজ উঠে আসে। ছেলেরা তা দিয়ে দিনভর খেলা করে বাড়ি ফিরে যায়।
ওই এলাকা থেকে প্রায় ৫ কিমি দূরে বাংলাদেশ সীমান্ত। স্থানীয় যুবক রতন কর্মকার কার্তুজ নিয়ে খেলতে দেখে কিশোরদের জিজ্ঞাসাবাদ করেন। সব ঘটনা শোনার পর তিনিই পুলিসকে খবর দেন। পুলিস এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদের পর সকলের কাছ থেকে কার্তুজ সংগ্রহ করেছে। পরে নদীতেও কার্তুজের খোঁজ চালায় পুলিস। রতন বলেন, কিশোররা কার্তুজ কোথা থেকে পেল জানতে চাইলে বলে নদীতে পেয়েছে। আমিও নদীতে নেমে খোঁজাখুঁজি করে একটি কার্তুজ পেয়েছিলাম।
স্থানীয় কিশোর সিদাম সিংহ বলে, এই নদীতে আমরা মাছ ধরি, স্নান করি। ক্রিকেট খেলার সময় তিনজন নদীতে নেমেছিল। তারা চারটি কার্তুজ পায়। এরপর সবাই নেমে কয়েকটি খুঁজে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। সব পুলিসকে দেওয়া হয়েছে।
এই কার্তুজ কীভাবে নদীর জলে এল, তা নিয়ে তদন্ত চলছে। এবিষয়ে পুলিস স্পষ্ট করে কিছু বলেনি। এক পুলিস আধিকারিক বললেন, হতে পারে কোনও দুষ্কতী পুলিসের ভয়ে এগুলি নদীতে ফেলে দিয়েছে। আবার অন্য এলাকায় ফেলা হয়ে থাকতে পারে। হয়তো সেখান থেকে কার্তুজগুলি ভেসে এসেছে।
ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া কার্তুজ কোন বন্দুকের, অস্ত্র বিশেষজ্ঞকে দেখানোর পরই বলা সম্ভব।

Advertisement
সম্পর্কিত সংবাদ