নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরেই হবে দেশের শীর্ষ লিগ আইএসএল। বৃহস্পতিবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস দিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তবে সেপ্টেম্বরে নয়। তা পিছতে পারে অক্টোবর কিংবা নভেম্বরে। আর আগামী মাসেই সুপার কাপ আয়োজন করতে চলেছে এআইএফএফ। আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবেন সভাপতি। সেখানেই সুপার কাপের সূচি ও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি বছরের ডিসেম্বর মাসে ফেডারেশনের সঙ্গে মৌ চুক্তি শেষ হচ্ছে এফএসডিএলের। কিন্তু এখনও পর্যন্ত নতুন মাস্টার রাইটস সই করেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা। আর তাতেই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এমনকী বেঙ্গালুরু, চেন্নাইয়ান, ওড়িশার মতো দল ফুটবলারদের বেতন বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে সমাধানসূত্রের লক্ষ্যে ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেন ফেডারেশন সভাপতি। এফএসডিএলের পক্ষ থেকেও হাজির ছিলেন পাঁচ প্রতিনিধি। প্রায় তিন ঘণ্টার বৈঠকের পরই আগে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রসঙ্গে কল্যাণ চৌবে জানান, ‘ ফুটবল কোনওমতেই বন্ধ হবে না। দেশের সেরা লিগ আয়োজনে আমরা আত্মবিশ্বাসী।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে সুপার কাপ। একটি লিগের আগে প্রতিটি দলকে গুছিয়ে নেওয়ার জন্য অন্তত ৬-৮ সপ্তাহ সময় লাগে। তাই সুপার হলে আইএসএল ক্লাবগুলি প্রস্তুতির যথাযথ সময় পাবে। সকলেই সহমত জানিয়েছেন। আমরা কয়েকদিনের মধ্যে ফের বৈঠকে বসব। সেখানেই সুপার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিন ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেয় ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। বৈঠক নিয়ে লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘ছ’মাস আগে থেকেই আমি বলেছিলাম, আইএসএল হবেই। ইস্ট বেঙ্গল ক্লাব কখনও বিশ্বাস হারায়নি। আজ বৈঠকে সকলেই হাজির ছিলেন। দেশের ফুটবল বন্ধ হবে না।’ মোহন বাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘সবার আগে ফুটবলের স্বার্থরক্ষা জরুরি। আমরা আশাবাদী, সব সমস্যা দ্রুত মিটে যাবে।’