নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়া লাল কার্ড, পেনাল্টি মিস। ধাক্কাধাক্কি। আইএসএলে দক্ষিণের ডার্বিতে বাদ রইল না কিছুই। শেষ পর্যন্ত চেন্নাইয়ান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। এদিনের পর কেরলের পয়েন্ট ৪ ম্যাচে ৫। সমসংখ্যক ম্যাচে চেন্নাইয়ানের প্রাপ্তি মাত্র ২ পয়েন্ট। গত ম্যাচে মোহন বাগানের কাছে হেরেছিল ক্লিফোর্ডের চেন্নাই। এখনও জয়ের মুখ দেখেনি তারা।
ম্যাচের প্রথমার্ধে ইরফানের হাতে বল লাগায় পেনাল্টি পায় কেরল ব্লাস্টার্স। তবে আদ্রিয়ান লুনার স্পটকিক পোস্টে ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করেন চেন্নাইয়ানের ইরফান। একটি ক্ষেত্রে তাঁর দুরন্ত শট ক্রসপিসে প্রতিহত হয়। শেষদিকে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন চেন্নাইয়ানের ইম্যানুয়েল ও কেরলের গ্রিন।



