নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে আদৌ কি হবে আইএসএল? সদুত্তর নেই কারও কাছে। ভারতীয় ফুটবলে কমার্শিয়াল পার্টনার বেছে নিতে চলতি মাসেই দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। কিন্তু তাতে কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি। তাতেই আরও কোণঠাসা হয় এআইএফএফ। এমন পরিস্থিতিতে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় সিদ্ধান্ত নেন ফেডারেশন কর্তারা। দু’একদিনের মধ্যেই গোটা বিষয়টা নিয়ে রিপোর্ট জমা দেবে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের কমিটি। সেই ভিত্তিতে কী নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত, সেদিকেই তাকিয়ে ফুটবল হাউজের কর্তারা। এরইমধ্যে মঙ্গলবার আইএসএলে খেলা সকল ফুটবলার একজোট হয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি পেশ করেন। ভারতীয় থেকে বিদেশি— সকলের একটাই দাবি, দ্রুত আইএসএল শুরু করতে হবে। তাঁরা লেখেন, ‘লিগে খেলা সকল পেশাদার ফুটবলার একজোট হয়ে এই আর্জি রাখছি, আবার আইএসএল হোক। আমরা খেলতে চাই। এটাই সহজ কথা। আমাদের রাগ, হতাশা এখন বদলে গিয়েছে মরিয়া প্রচেষ্টায়। যাঁরা আমাদের দেশের ফুটবল চালান, এই আর্জি তাঁদের কাছে। যেভাবেই হোক আবারও আইএসএল শুরু করতে হবে। পেশাদার ফুটবলার হিসেবে আমরা নিজেদের কাজের প্রতি দায়বদ্ধতা দেখাব। এবার সময় এসেছে দেশের ফুটবলের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদেরও সৎ প্রচেষ্টা দেখানোর। দীর্ঘদিন ধরে এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। আশা করছি, এবার আলো দেখতে পাব।’



