


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কান্তিরাভা স্টেডিয়াম থেকে মেরেকেটে আধঘণ্টা দূরত্বে উলসুর। জীবন সায়াহ্নে গাছগাছালিতে ঘেরা কম্পাউন্ডই অরুময়নৈগমের বার্ধক্যের বারাণসী। ১৯৬২’র জাকার্তা এশিয়াডে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম জীবিত সদস্য তিনি। ময়দানের বেবি ট্যাক্সি মোহন বাগানের ঘরের ছেলে। চুনী গোস্বামীর একদা সতীর্থের স্মৃতি ধূসর। তবে মোহন বাগানের নামে নেচে ওঠে চোখের তারা। ছেলে ক্রিস্টোফারও সবুজ-মেরুন সমর্থক। শনিবার সন্ধ্যায় কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি প্রিয় দল। মাঠে গিয়ে লোবেরা ব্রিগেডকে সমর্থন জানাতে চান অরুময় পুত্র। বেঙ্গালুরু থেকে মুঠোফোনে জানালেন, ‘সবুজ-মেরুন আমাদের হৃদয়ে। মিলিয়ে নেবেন মোহন বাগানই জিতবে।’ শুধু ক্রিস্টোফারই নন, গার্ডেন সিটির মোহন বাগান সমর্থকরাও তিন পয়েন্টের স্বপ্নে বিভোর। বেঙ্গালুরুরু কান্তিরাভা মোহন বাগানের মুক্তাঞ্চল। ২০১৫ সালে প্রথম আই লিগ জয়ও এই মাঠেই। পয়া কান্তিরাভাতেই চলতি আইএসএলে পাঁচে পাঁচ করতে মরিয়া সের্গিও লোবেরা। একইসঙ্গে শীর্ষস্থান মজবুত করতে বদ্ধপরিকর গোটা দল।
শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন সেরে সন্ধ্যায় গার্ডেন সিটিতে পৌঁছালেন কামিংসরা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে রবসন নেই। বাকিরা যুদ্ধের জন্য তৈরি। ম্যাচের আগে কোচ সের্গিও লোবেরার মন্তব্য, ‘কঠিন ম্যাচ। তবে অজুহাতের জায়গা নেই। ট্রফি জিততে গেলে শক্ত গাঁট টপকাতেই হবে।’ ফুটবলাররাও চনমনে। অনিরুদ্ধ থাপার মন্তব্য, ‘কোচ নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। মাঠে নিজেদের মেলে ধরতে গোটা দল মরিয়া।’ অ্যাওয়ে ম্যাচেও স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দল সাজাবেন পালতোলা নৌকার নাবিক। লিস্টন, দিমি, ম্যাকলারেন ত্রিভুজ সুনীলদের দুর্গে ফাটল ধরাতে তৈরি। বল পজেশন বজায় রেখে বিপক্ষকে টেক্কা দিতে চান লোবেরা। স্প্যানিশ কোচের হাতে অপশন প্রচুর। মাঝমাঠের ঠাসবুনোট কান্তিরাভায় ফুল ফোটাতে পারে। গত দুই ম্যাচে ১০ গোল করে তাল ঠুকছেন ম্যাকলারেনও। এর মধ্যে একাই চার গোল করে ওড়িশা এফসি’কে প্রায় তুবড়ে দিয়েছেন ম্যাকা। বেঙ্গালুরুর বিরুদ্ধেও জাল কাঁপাতে তৈরি তিনি। শক্তিশালী আপফ্রন্টের পাশাপাশি ক্লিনশিট বজায় রাখতে প্রস্তুত লোবেরা। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো ডিফেন্সের স্তম্ভ। দল লিড নিলে দ্বিতীয়ার্ধে জোড়া বিদেশি স্টপার খেলিয়ে ঝাঁপ ফেলতে পারেন মোহন বাগান কোচ।
বেঙ্গালুরু কতটা তৈরি? ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছেন সুনীলরা। উইং হাফ রায়ান উইলিয়ামসের ক্রস বিপজ্জনক। তাই শুভাশিসকে সতর্ক থাকতে হবে। এছাড়া মোহন বাগানের প্রাক্তনী আশিক কুরুনিয়ানও চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। গত ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জাল কাঁপিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। কোচ রেনেডি সিং ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন। রাহুল ভেকে, নিখিল পুজারি, সুরেশ, শিভাল্ডোদের নিয়ে লড়তে প্রস্তুত তিনি।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টিসে।