বেঙ্গালুরু: মঙ্গলবার কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত আইএসএলের ম্যাচে মুম্বই সিটি এফসি ২-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসি’কে। এই জয়ের সুবাদে সুপার সিক্সে জায়গা নিশ্চিত হল বাণিজ্যনগরীর ফ্র্যাঞ্চাইজিটির। ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়েছে তারা। এদিন বেঙ্গালুরুর কাছে হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হত তাদের। তবে মুম্বইয়ের জয়ে টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বিদায় নিতে হল ওড়িশাকে। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করল সের্গিও লোবেরা ব্রিগেড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে শেষ করল বেঙ্গালুরু। এদিন মুম্বই সিটির হয়ে জাল কাঁপিয়েছেন যথাক্রমে লালিয়ানজুয়ালা ছাংতে ও নিকোস কারেলিস। উল্লেখ্য, প্রথম পর্বের ম্যাচে এই দুই দলের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।



