Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্কোর প্ল্যান্টের ছাই দিয়ে পেভার্স ব্লক তৈরি শুরু

ইস্কোর প্ল্যান্টের ছাই দিয়ে পেভার্স ব্লক তৈরি শুরু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইস্কো স্টিল প্ল্যান্টে উপজাত দ্রব্য হিসেবে পাওয়া ছাই এতদিন কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ ছিল। এবার সেই ছাই দিয়েই শহর সাজানোর সামগ্রী তৈরি করে ফেলল তারা। কারখানার ভিতরই নতুন ওয়ার্কশপ গড়া হয়েছে। সেখানে প্রতিদিন আড়াই টন এলডি স্ল্যাগ বা ছাই দিয়ে ৬০০ পেভার্স ব্লক তৈরি করা হবে। যা দিয়ে ৩০০ বর্গফুট এলাকা সাজিয়ে তোলা যাবে। শনিবার এই পেভার্স ব্লক ইউনিটের উদ্বোধন করেন ইস্কোর ডিরেক্টর ইনচার্জ বীরেন্দ্রপ্রতাপ সিং।
Advertisement
ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, ছাইয়ের সঙ্গে সিমেন্ট, বালি, রং, হার্ডেনার ও জল মিশিয়ে এই পেভার্স ব্লক তৈরি হয়েছে। এটি সাধারণ পেভার্স ব্লক থেকে বেশি মজবুত। শুধু তাই নয়, ৪০শতাংশ কম খরচে এটি তৈরি হচ্ছে।
৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগে ইস্কোর কারখানার উৎপাদন দ্বিগুণ হতে চলেছে। বার্নপুর শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তারই মাঝে এই ইউনিট উদ্বোধন হওয়ায় এবার পেভার্স ব্লক কেনার খরচও কমে গেল।
যে কোনও স্টিল কারখানায় কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ছাই বা স্ল্যাগ। এই স্ল্যাগ পরিবহণের ফলে প্রচণ্ড দূষণ হয়। যেখানে তা মজুত করা হয়, সেখানে হাওয়া দিলেই ছাই উড়ে বিস্তীর্ণ এলাকার মানুষকে সমস্যায় ফেলে। এখানেও পুরুষোত্তমপুর, নাকড়াসোতা সহ নানা এলাকার মানুষ ইস্কোর দূষণের ঘেরাটোপে। এবার কারখানার উৎপাদন দ্বিগুণ হতে চলেছে। একাধিক ব্লাস্ট ফার্নেস থেকে স্টিল উৎপাদন হবে। স্বাভাবিকভাবেই আরও ছা‌ই উৎপন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
যদিও ইস্কোর দাবি, যে নতুন প্ল্যান্ট গড়া হবে, তা অত্যাধুনিক। সেখানে ন্যূনতম দূষণ হবে। তা রোধ করারও নানা পরিকল্পনা রয়েছে। তারই অঙ্গ হিসেবে এবার ছাই থেকে পেভার্স ব্লক তৈরি শুরু হচ্ছে। এর জেরে দূষণ নিয়ন্ত্রণে আসার পাশাপাশি নতুন কারখানায় বিপুল কর্মসংস্থান হবে।
ইস্কোর অধীনে থাকা বার্নপুরে টাউনশিপে নানা উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে। সেখানে ইস্কোর কর্মীদের জন্য বহুতল আবাসন গড়ে উঠবে। নতুন রাস্তা, ফুটপাত গড়া হবে। টাউনশিপের পাশাপাশি কারখানার ভিতরে রাস্তার পাশে ফুটপাতও সাজিয়ে তোলা হবে। এসব কাজেই বিপুল পরিমাণ পেভার্স ব্লক প্রয়োজন। এবার কারখানা থেকেই তা জোগান দেওয়ার ব্যবস্থা করতে চায় ইস্কো কর্তৃপক্ষ। পেভার্স ব্লক ইউনিট এদিন উদ্বোধনের পর সেখানে উৎপাদনও শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ