নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাস্তার খানাখন্দে রাবিশের তাপ্পি। আজ, শুক্রবার শিলিগুড়িতে এমন রাস্তা দিয়েই গড়াবে ইসকনের রথ। এনিয়ে ক্ষুব্ধ নাগরিকদের একাংশ। তাঁদের আশঙ্কা, রথযাত্রার সময় ভক্তরা অসতর্কভাবে চললেই বিপদ ঘটতে পারে। পুরসভা অবশ্য জানিয়েছে, বৃষ্টির জেরে এখন রাস্তাটি পাকাপাকিভাবে মেরামত করা সম্ভব হয়নি। তাই বালি ভরাট ও রাবিশ দিয়ে রাস্তার ভাঙা অংশ তাপ্পি দেওয়া হয়েছে।
বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বেহাল রাস্তাগুলির মধ্যে ইসকন রোড অন্যতম। একাধিক জায়গায় পিচের চাদর নেই। ভাঙা সেই সব জায়গায় ছড়িয়ে রয়েছে কুচি পাথর। আবার কিছু জায়গায় তৈরি হয়েছে বিশাল গর্ত। বৃষ্টির জল জমে সেগুলি কার্যত ডোবায় পরিণত হয়েছে। রথযাত্রার ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুরে সেইসব খানাখান্দে তাপ্পি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ইসকনের রথযাত্রার ভক্তদের একাংশ বলেন, পিচ দিয়ে রাস্তার ভাঙা জায়গাগুলিতে তাপ্পি দিতে পারত পুরসভা। তা না করে পাকা বাড়ির ভাঙা ইট, পাথর প্রভৃতি দিয়েছে। এতে রাস্তাটি মসৃণ হয়নি। জায়গাগুলি এবড়োখেবড়ো রয়েছে। সেগুলিতে রথের চাকা আটকালে বিপত্তি ঘটতে পারে বলেই মনে হচ্ছে।
শহরে ইসকনের রথ উল্লেখযোগ্য। আজ, শুক্রবার ইসকন মন্দির থেকে রথের যাত্রা শুরু হবে। ইসকন রোড, সেভক রোড, পানিট্যাঙ্কি, হিলকার্ট রোড, হাসপাতাল মোড়, হরেণ মুখোপাধ্যায় রোড, পাকুরতলা মোড়, হায়দরপাড়া মেন রোড হয়ে রথ ফের ইসকন মন্দিরে প্রবেশ করবে। ইসকনের পক্ষে নামকৃষ্ণ দাস বলেন, রাস্তাগুলির অবস্থা নিয়ে পুলিস, পুরসভা ও প্রশাসনের কাছে আগেই জানানো হয়েছে।
এই অবস্থায় বৃহস্পতিবার ইসকন রোডের খানাখন্দে রাবিশ ফেলে পুরসভা। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বর্ষার মরশুমে পাকাপাকিভাবে রাস্তাগুলি মেরামত করা সম্ভব নয়। তাই কিছুদিন আগেই বিভিন্ন রাস্তার খানাখন্দ বোজানো শুরু হয়েছে। এতে রথযাত্রার সুবিধা হবে বলেই আশা করছি।
নিজস্ব চিত্র।