Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ই-সাইকেলে অলিগলিতে টহল দেবে উইনার্স বাহিনী

ই-সাইকেলে অলিগলিতে টহল দেবে উইনার্স বাহিনী
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রযুক্তির হাত ধরে একসময় সাইকেলের পরিবর্তে পুলিসের সঙ্গী হয়ে উঠেছিল ইঞ্জিনচালিত গাড়ি, বাইক। সেসব যানে চেপেই এখনও চলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধদমনের কাজ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশ দূষণ বড় বালাই। সঙ্গে অলিগলি, সরু রাস্তায় পেট্রোলিং, জনসংযোগের জন্য ফের গুটিগুটি পায়ে রায়গঞ্জ পুলিস জেলায় ফিরল সেই নস্টালজিক সাইকেল। তবে এগুলি নতুন প্রজন্মের ই-সাইকেল। যার গতি প্রতি ঘণ্টায় ২৫ কিমি। এতে জ্বালানি লাগে না। ব্যাটারি চার্জ দিলেই হয়। এখন থেকে রায়গঞ্জ পুলিস জেলার পাঁচটি থানা এলাকায় এই ই-সাইকেলে পেট্রোলিং চলবে।  মঙ্গলবার রায়গঞ্জ পুলিস জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পুলিস লাইনে আসেন উত্তরবঙ্গ রেঞ্জের আইজি রাজেশ কুমার যাদব। সেই পুলিস লাইন প্রাঙ্গণেই অত্যাধুনিক এই দ্বিচক্রযানের সূচনা করেন তিনি। সঙ্গে ছিলেন ডিআইজি সুধীর কুমার নীলকান্তম, রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার, ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস সহ অন্যান্য পুলিস কর্তারা। 
Advertisement
রায়গঞ্জের পুলিস সুপার জানিয়েছেন, পরিবেশ দূষণ রোখার পাশাপাশি, অলিগলিতেও পুলিসের অনায়াস টহলদারির জন্য ৩০টি ই-সাইকেলের যাত্রা শুরু হল এদিন থেকে। পুলিস জেলার প্রত্যেক থানায় ছ’টি করে ই-সাইকেল বিলি করা হবে। এতে মূলত মহিলাদের সুরক্ষায় নিয়োজিত উইনার্স বাহিনী এগুলিতে টহল দেবে। এতে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাবে বলে পুলিস কর্তাদের ধারণা। ইতিমধ্যে পুলিসের উইনার্স টিম স্কুটিতে চেপে টহলদারি চালায়। তা সে রায়গঞ্জ হোক বা ইসলামপুর। সর্বত্র একইরকম ব্যবস্থাপনা রয়েছে। তবে ওই বাহিনীতে ই-সাইকেল যুক্ত হওয়ায় গ্রিন উইনার্স টিমের সূচনা হয়ে গেল রায়গঞ্জ পুলিস জেলায়।
সম্পর্কিত সংবাদ