Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঈশান কিষানের বিস্ফোরক সেঞ্চুরি, হায়দরাবাদের দাপটে হার যশস্বীদের

ঈশান কিষানের বিস্ফোরক সেঞ্চুরি, হায়দরাবাদের দাপটে হার যশস্বীদের
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: শতরানটা নির্ঘাত পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকেই উৎসর্গ করলেন ঈশান কিষান! ডান হাতে ব্যাট, বাঁ হাতে হেলমেট নিয়ে সেঞ্চুরির মুহূর্তে যেভাবে তিনি দৌড়লেন, লাফিয়ে উঠে ব্যাট ঝাঁকালেন, তা রীতিমতো অভিনব। ৪৫ বলে মারমার কাটকাট শতরানে যেন মোক্ষম জবাবের বার্তাই রাখলেন তিনি। তাঁর ধুন্ধুমার ইনিংসই তফাত গড়ে দিল লড়াইয়ে। উপ্পলে রবিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। আর কমলা জার্সি গায়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরিতে নজর কাড়লেন ঈশান। উল্লেখ্য, কোটিপতি লিগে এটাই বাঁ-হাতির প্রথম শতরান।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে তিন ওভারে ৪৫ তুলে ফেলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা । অভিষেক (২৪) ফেরার পর তিন নম্বরে নেমে ঈশান রানের গতিতে যোগ করলেন বাড়তি মাত্রা। ৩১ বলে ৬৭ করে ট্রাভিস ফেরার পর তিনিই টানলেন দলকে। নিজামের শহর এমনভাবে এগচ্ছিল যে, আইপিএলে প্রথমবার তিনশোর গণ্ডি টপকানোর আশায় ছিলেন সমর্থকরা। তবে তা হয়নি। ছয় উইকেটে ২৮৬ রানে থামে হায়দরাবাদ। গত মরশুমে গড়া নিজেদের রেকর্ডের (২৮৭) থেকে মাত্র এক রান পিছনে।
ট্রাভিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৮৫ যোগ করেন ঈশান। নীতীশ রেড্ডি (৩০) ও হেনরিখ ক্লাসেনের (৩৪) সঙ্গেও ফিফটি প্লাস জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ঈশান। ২২৫ স্ট্রাইক রেটে তিনি মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। ২৬ বছর বয়সি রীতিমতো ক্লাবস্তরে নামিয়ে আনেন জোফ্রা আর্চারদের। ইংল্যান্ডের পেসার চার ওভারে দেন ৭৬, আইপিএলে যা কোনও বোলারের সবচেয়ে বেশি রান খরচের লজ্জাজনক রেকর্ড। উল্লেখ্য, অভিষেক, ট্রাভিস, ঈশান, নীতীশ, ক্লাসেন— সানরাইজার্সের পাঁচ ব্যাটসম্যানেরই স্ট্রাইক রেট দুশোর উপরে। রাজস্থানের সফলতম বোলার তুষার দেশপাণ্ডে (৩-৪৪)।
২৮৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। যশস্বী জয়সওয়াল (১) ও অধিনায়ক রিয়ান পরাগকে (৪) দ্রুত ফেরান পেসার সিমরজিৎ সিং। নীতীশ রানার (১১) উইকেট নেন মহম্মদ সামি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করা সঞ্জু স্যামসন (৬৬) ও পাঁচে নামা ধ্রুব জুরেল (৭০) ইনিংস মেরামতের চেষ্টা করেন। শিমরন হেটমায়ার (৪২), শিবম দুবেও (৩৪) রান পান। কিন্তু ছয় উইকেটে ২৪২ রানেই আটকে যায় রয়্যালস। রাজস্থানের কোচ হিসেবে প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন রাহুল দ্রাবিড়। রিয়ান পরাগের নেতৃত্বও বড্ড ভুলে ভরা। ব্যাটেও ব্যর্থ তিনি। সানরাইজার্সের হয়ে বোলিংয়ে দাগ কাটলেন হার্শল প্যাটেল (২-৩৪), সিমরজিৎ (২-৪৬)। তবে অধিনায়ক প্যাট কামিন্সকে চিন্তায় রাখছে মহম্মদ সামির আঙুলের চোট। তিন ওভার বল করেই উঠে যান অভিজ্ঞ পেসার। শেষদিকে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে লাগে ঈশানেরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ