নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতীক হাতছাড়া হল আইএসএফের। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বিধানসভা উপনির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে আইএসএফ আলমারি চিহ্নে লড়াই করবে। যদিও আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি তাদের খাম চিহ্ন ছাড়তে নারাজ। শনিবার তিনি জানিয়েছেন, সোমবার তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথম লড়াই করেছিল আইএসএফ। যদিও সেই সময় মজলিস পার্টি নাম নিয়েই ভোটে লড়েছিল তারা। সেই থেকেই সমস্ত নির্বাচনে ‘ফ্রি সিম্বল’ খাম নিয়ে লড়েছে আইএসএফ। নৌশাদের যুক্তি, পরিকল্পনা করে তাদের ভোটে থাবা বসানোর জন্য ওই খাম চিহ্নটি ঋতব্রত পন্থী তৃণমূল অর্থাত্ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। প্রতীক হারানোর প্রসঙ্গে নৌশাদ বলেন, ‘আমরা চিহ্ন নিয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছি। সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছি।’



