Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বামফ্রন্টের সঙ্গে জট কাটার আগেই ৩৩টি আসনে লড়াইয়ের ঘোষণা আইএসএফের, ‘চূড়ান্ত নিষ্পত্তি হয়নি’, জানালেন বিমান বসু

আসন্ন বিধানসভা নির্বাচনে কোন কোন আসনে আইএসএফ লড়াই করবে, তার তালিকা প্রকাশ করলেন নৌশাদ সিদ্দিকি। তবে বামেদের সঙ্গে তাদের জোট-জটিলতার সম্পূর্ণ ফয়সালা হয়নি এখনও।

বামফ্রন্টের সঙ্গে জট কাটার আগেই ৩৩টি আসনে লড়াইয়ের ঘোষণা আইএসএফের, ‘চূড়ান্ত নিষ্পত্তি হয়নি’, জানালেন বিমান বসু
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা তারকেশ্বর: আসন্ন বিধানসভা নির্বাচনে কোন কোন আসনে আইএসএফ লড়াই করবে, তার তালিকা প্রকাশ করলেন নৌশাদ সিদ্দিকি। তবে বামেদের সঙ্গে তাদের জোট-জটিলতার সম্পূর্ণ ফয়সালা হয়নি এখনও। 

Advertisement

শুক্রবার ফুরফুরায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন তালিকা ঘোষণা করেন নৌশাদ। তারা এবার ৩৩টি আসনে লড়াই করবে। তার মধ্যে ৪টি আসনে ইতিমধ্যে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে পার্টির কার্যকরী সভাপতি শামসুল আলি মল্লিক ওই চার আসনে প্রার্থী প্রত্যাহারের জন্য আবেদন রাখেন বামফ্রন্টের কাছে। চারটি আসন হল পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারই ও ভগবানগোলা। আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি বলেন, ‘অনেকগুলো আসনে সহমত হয়েছি। চারটি আসন নিয়ে মতানৈক্য হচ্ছে। আশা করি বামেরা এই আসনে প্রার্থীদের মনোনয়ন দেবে না।’ তিনি আরও বলেন, ‘বৃহত্তর স্বার্থে বিজেপি-তৃণমূলকে হারানোর জন্য আমরা নিজেদের অনেক গুটিয়ে রেখেছি।’ এই ঘোষণা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘যে ২৯টি আসনে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণার কথা আইএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, তা সঠিক নয়। চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। তবে নিষ্পত্তির পথে। এর মধ্যে এমন আসন রয়েছে যেখানে বামফ্রন্টের শরিক দলগুলির দাবি রয়েছে।’ বামফ্রন্ট সভাপতি বিমান বসু বলেন, ‘আইএসএফের সঙ্গে সিপিএমের দ্বিপাক্ষিক আলোচনা কয়েক দফায় হয়েছে। কিন্তু বামফ্রন্টে এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আশা করছি, বামফ্রন্টের শরিকদলগুলির সঙ্গে আইএসএফের আলোচনায় দ্রুত যুক্তিসঙ্গত সমাধান হয়ে যাবে।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সমঝোতার পরেই আমরা আসন ঘোষণা করেছি। তার বাইরে বামফ্রন্ট কিছু ঘোষণা করেনি। কিন্তু এখন সেগুলো নিয়ে আপত্তি তোলা সমীচীন নয়। এটা বেঠিক ও বিভ্রান্তিমূলক।’ 
বাকি যে আসনগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, বাদুড়িয়া, অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পূর্ব ও পশ্চিম, মগরাহাট পশ্চিম, ভাঙড়, উলুবেড়িয়া পূর্ব, জগৎবল্লভপুর, হরিপাল, খানাকুল, মহিষাদল, শালবনী, বারাবনি ও বোলপুর। যদিও কে কোথায় প্রার্থী হবেন, সে বিষয়ে ইদের পরেই জানানো হবে। 

সম্পর্কিত সংবাদ