নয়াদিল্লি: ২০২৭ সালের আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষিত হল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই) মঙ্গলবার জানিয়েছে, ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি এনভায়রনমেন্টাল স্টাডিজ ও ওয়েস্টার্ন মিউজিক (প্রথমপত্র: থিওরি) দিয়ে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ৮ এপ্রিল, লিগাল স্টাডিজ পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার বিষয়ভিত্তিক সম্পূর্ণ সূচি মিলবে সরকারি ওয়েবসাইট সিআইএসসিই.ওআরজি-এ। পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম, অনুমোদিত পরীক্ষা সামগ্রী, ক্যালকুলেটরের ব্যবহার ও বৈদ্যুতিন ডিভাইসের বিধিনিষেধ সহ বিস্তারিত নির্দেশিকাও এদিন প্রকাশ করেছে সিআইএসসিই। লেখা শুরু করার আগে প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। যে পরীক্ষাগুলি সকাল ৯টায় শুরু হবে, সেগুলির জন্য সকাল ৮টা ৩০ মিনিটে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র পড়ার সময় শুরু হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। দুপুর ২টোয় যে পরীক্ষাগুলি শুরু হবে, সেক্ষেত্রে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রশ্নপত্র পড়ার সময় শুরু হবে ১টা ৪৫ মিনিটে।
সিআইএসসিই-র ইস্যু করা অ্যাডমিশন কার্ড ও অনুমোদিত পরীক্ষা সামগ্রী নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডস, স্মার্ট গ্লাস, ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, নোট, টেক্সটবুক ও হ্যান্ডব্যাগ নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। আনসার বুকলেটে নিজেদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও সাবজেক্ট ডিটেলস লিখতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা হবে সিসি ক্যামেরার নজরদারিতে।



