Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ডাক্তার সিন্ডিকেটের মাথা সাইদুল হক বাংলাদেশে? তদন্ত শুরু

ভুয়ো ডাক্তার সিন্ডিকেটের মাথা সাইদুল হক বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে তদন্তকারীদের অনুমান। তার শাগরেদরাও গা ঢাকা দিয়ে রয়েছে।

ভুয়ো ডাক্তার সিন্ডিকেটের মাথা সাইদুল হক বাংলাদেশে? তদন্ত শুরু
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভুয়ো ডাক্তার সিন্ডিকেটের মাথা সাইদুল হক বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে তদন্তকারীদের অনুমান। তার শাগরেদরাও গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। একসময় সাইদুল অত্যন্ত প্রভাবশালী ছিল। কোনও রোগীর ভুল অপারেশন করলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাত না কেউ। প্রতিবাদ করলেই তার গ্যাং নার্সিংহোমে হাজির হয়ে রোগীর পরিবারের লোকজনের উপর হামলা করত বলে অভিযোগ। তাই ভুল অপারেশনের জেরে শিশুমৃত্যুর পরও সে বেপরোয়া ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, চার বছরের শিশু মারা যাওয়ার পরের দিনও সে অন্য একটি নার্সিংহোমে অপারেশনের জন্য গিয়েছিল। কয়েকটি নার্সিংহোমে রাউন্ড দেয়। এবারও কেউ তাকে স্পর্শ করতে পারবে না বলেই সে ধরে নিয়েছিল। কিন্তু পরিবর্তনের জমানায় তার ‘রক্ষাকবচ’ আর কাজে আসেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন তাকে থানায় আটক করে আনা হয়। সেদিন তার ভুয়ো ডিগ্রি সম্পর্কে তদন্তকারীরা ওয়াকিবহাল ছিলেন না। সেকারণে সেই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। শিশুমৃত্যুর পর সে বর্ধমানেই গাঢাকা দিয়েছিল। শহরে তার একাধিক ফ্ল্যাট এবং বাংলো রয়েছে। এছাড়া ওড়গ্রামে সে একটি রিসর্টও কিনে রেখেছে। পুলিশ সক্রিয় হতেই সে বর্ধমান ছেড়ে কলকাতায় চলে যায়। নিউটাউনের একটি আবাসনে তার দুই শাগরেদ আনিসুর এবং সুরজের সঙ্গে সে ছিল। কয়েকদিন পর সে বাংলাদেশে চলে যায় বলে তদন্তকারীদের অনুমান।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পুষ্পা বলেন, ওই ভুয়ো ডাক্তারের খোঁজে তল্লাশি চলছে। তাকে গ্রেপ্তার করা হবেই। ভুয়ো ডিগ্রি নিয়ে কেউ চিকিৎসা করলে তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সাইদুলকে না পাওয়া গেলে আইনি প্রক্রিয়া মেনে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কয়েক বছরে সে বিপুল টাকার মালিক হয়ে উঠেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কোনো ভুয়ো ডাক্তার ছাড়া পাবে না। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের জেলে যেতেই হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, যে নার্সিংহোমে শিশুর অপারেশন হয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তরে আসা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
শিশুর পরিবারের লোকজন বলেন, তাঁদের ভুল বুঝিয়ে ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। চার বছরের শিশুর ফাইমোসিস অপারেশনের জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া হবে সেটাও আমাদের জানানো হয়নি। ছোট অপারেশন করতে গিয়ে শিশুটিকে মেরে ফেলা হবে সেটা তাদের ধারণার বাইরে ছিল। পুলিশ ওই ঘটনায় নার্সিংহোমের তিন মালিককে গ্রেপ্তার করেছে। কিন্তু ভুয়ো ডাক্তার সহ অন্যান্যরা এখনও ফেরার।  সাইদুল হক।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ