নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে গিয়েও সিতাইতে নিজের বাড়ি না গিয়ে কলকাতায় ফিরে গেলেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শুক্রবার সকালে সকালে তিনি কলকাতা পৌঁছন। দিনকয়েক আগে পুত্র, পুত্রবধূ, ছোট্ট নাতিকে নিয়ে কোচবিহারে এসেছিলেন। তিনি নিউ কোচবিহার স্টেশনে নাতিকে কোলে নিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় নেমেছিলেন। সেখান থেকে কোচবিহারের গুঞ্জবাড়িতে তাঁর ফ্ল্যাটে যান। সেখানেই এ ক'দিন ছিলেন। তিনি কোচবিহারে এসেছেন শুনেই সিতাইতে ডিম হাতে ক্ষুব্ধ মানুষকে জমায়েত হতে দেখা গিয়েছিল। আর সেই জনবিক্ষোভের ভয়েই তিনি আর সেই দিকে যাননি বলেই এমনটা ধারনা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গত মঙ্গলবার তিনি কোচ বিহারে ফিরেছিলেন।
জানা গিয়েছে, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তাঁর একটি অত্যন্ত জরুরী পারিবারিক কাজে পুত্র, পুত্রবধূ, নাতিকে সঙ্গে নিয়ে কোচবিহারে এসেছিলেন। সেই কাজ সেরে তিনি আবার সকলকে সঙ্গে নিয়েই শুক্রবার কলকাতা ফিরে গিয়েছেন। সাংসদ জগদীশ কবে আবার কোচবিহার ফিরবেন?সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ই বা কবে সিতাইয়ের বাড়িতে আসবেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জগদীশ ও সঙ্গীতাকে সিতাইয়ের বাড়িতে আর দেখা যায় নি। পরে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে দিল্লিতে অন্যান্য বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সঙ্গে হাত মেলান। বিজেপির সঙ্গে বৈঠক করেন। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন। যা নিয়ে জাতীয় রাজনীতিতে হইচই পড়ে যায়।
এদিকে সাংসদের পাশাপাশি বিধায়ক সংগীতাও দিল্লি থেকে কলকাতায় ফিরে বিদ্রোহী তৃণমূলে যোগ দিয়েছিলেন। সংগীতা রায় বলেন, 'সাংসদ শুক্রবার সকালে সকলকে নিয়েই কোচবিহার থেকে কলকাতায় ফিরেছেন। বিধানসভা চলছে। আমি সেখানে যাব। সাংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লিতে যাবেন। কোচবিহার বা সিতাইতে কবে ফিরবো তা এখনও চুড়ান্ত হয়নি'।