নয়াদিল্লি, ৩ নভেম্বর: সামনেই দীপাবলি, তার আগেই দিল্লিতে উদ্ধার ৭ হাজার কেজি ভেজাল খোয়া ক্ষীর। খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানে শামিল হন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পুরানো দিল্লির শাহজাহানাবাদের তুর্কমান গেটের কাছে মঙ্গলবার এই বড় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর।
এই অভিযান নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মরশুম ও সারা বছরজুড়ে দিল্লির বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মুনাফার লোভে সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কাউকে খেলা করতে দেওয়া হবে না।
এক্স-এ একটি ভিডিও পোস্টে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে দেখা যাচ্ছে, তিনি নিজেও খাদ্যসামগ্রী খতিয়ে দেখছেন। এছাড়া ভেজাল খোয়া ক্ষীরের পলিথিনগুলি হাতে তুলে নিয়ে সেগুলিকে পাশের ভ্যাটে ফেলছেন।
দীপাবলি কিংবা যেকোনো উৎসবের আগে, মূলত এই মরশুমে খোয়া ক্ষীর-পনীর-ঘি-দুধ ও মিষ্টির চাহিদা প্রচুর বেড়ে যায়। সেই সময় পাল্লা দিয়ে বাড়ে ভেজাল খাদ্যসামগ্রীর রমরমাও। তাই এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। রাখা হচ্ছে কড়া নজরদারি।



