নিখুঁত পরিকল্পনায় সফল অপারেশন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে জাহাজ উদ্ধার ভারতীয় নৌ-সেনার
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৭:২৯
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ নভেম্বর: ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার উপকূল থেকে ২০ জন নাবিকসহ একটি ছিনতাই হওয়া মাছ ধরার জাহাজ উদ্ধার করেছে। মঙ্গলবার দিল্লিতে নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে,‘'আজিনি’ নামের জাহাজটি সশস্ত্র জলদস্যুরা ছিনতাই করেছিল। এই অভিযানের ফলে কোনো হতাহত ছাড়াই ২০ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, গত মাসের শুরুতে সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে একটি সশস্ত্র জলদস্যু গোষ্ঠী জাহাজটি ছিনতাই করেছিল।

Advertisement

নৌবাহিনী বলেছে,‘এই ছিনতাই একটি গুরুতর সামুদ্রিক নিরাপত্তা হুমকি তৈরি করেছিল, কারণ জাহাজটিকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আরও জলদস্যু হামলা চালানোর জন্য 'মাদার শিপ' হিসেবে ব্যবহার করার সম্ভাবনা ছিল।’পরিস্থিতি মোকাবিলায়, ভারতীয় নৌবাহিনী একটি সামুদ্রিক পর্যবেক্ষণকারী বিমানের সহায়তায় একটি অভিযানে যুদ্ধজাহাজকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

নৌ সেনার তরফে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ বিমানের মাধ্যমে মেরিন কমান্ডোদের মোতায়েন করা হয়েছিল।নিখুঁত পরিকল্পনার মাধ্যমে, ভারতীয় নৌবাহিনী জাহাজটির দখল নেয়। জলদস্যুদের আটক করার পাশাপাশি ২০ জন নাবিককে  নিরাপদে উদ্ধার করা হয়।

‘নাবিকদের সুরক্ষা, গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ রক্ষা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি নিরাপদ, সুরক্ষিত ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা প্রতিশ্রুতিবদ্ধ,’ এমনই দাবী ভারতীয় নৌবাহিনীর তরফে করা হয়েছে। ভারতীয় নৌ বাহিনীর এই সাফল্যে অভিনন্দন জানান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।