হোস্টেলের জল থেকে দুর্গন্ধ, ছাদের উপরে ট্যাঙ্ক খুলতেই চক্ষু চড়কগাছ!
  • ৩ নভেম্বর, ২০২৬ ১৫:৫৬
Prefer us on Google

ডিসপুর, ৩ নভেম্বর: দুর্গাপুজোর ছুটিতে হোস্টেল থেকে বাড়ি গিয়েছিল সব ছাত্রছাত্রীরা। কিন্তু ফেরার পরই বিপত্তি। হোস্টেলের জল থেকে দুর্গন্ধ আসতে থাকে। ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয়নি  হোস্টেল কর্তৃপক্ষ। এরপর কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে যায়। প্রথমে খাবারের সমস্যা ভাবলেও পরে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অসুস্থ হলে চিন্তায় পড়ে যান হোস্টেল কর্তৃপক্ষ। এরপর কয়েকজন পড়ুয়া মিলেই ছাদে যান ট্যাঙ্কটি দেখার জন্য। ট্যাঙ্ক খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। একটা মরা বাঁদরের পচা গলা দেহ ওই ট্যাঙ্কের মধ্যে দেখতে পান তাঁরা। ঘটনাটি ঘটেছে অসম ইঞ্জিনিয়ারং কলেজের একটি হোস্টেলে।

Advertisement

হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের প্রথমে পেট যন্ত্রণা, বমি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। তখনই তাঁদের গুয়াহাটির একটি সরকারি আয়ুর্বেদিক কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোট ৫৪ জন পড়ুয়া অসুস্থ হয়েছে বলে সূত্রের খবর। বাকি তিনজনকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু বাকি কাউকেই হাসপতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। সবাইকেই প্রথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, জল থেকে দুর্গন্ধ বেরিয়ে আসার পরই হোস্টেলে জানানো হয়েছিল। কিন্তু হোস্টেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এত পড়ুয়া অসুস্থ হয়েছিল। সকল  অসুস্থ ছাত্রছাত্রীদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।