নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদী ভাঙন রোধের ইস্যু নিয়ে রাজ্যের দাবি তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাটনায় কেন্দ্রের ডাকা পর্যালোচনা বৈঠকে গেলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। জাতীয় জলপথ ১-এর জল মার্গ বিকাশ প্রকল্পের অধীনে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডকে নিয়ে এই আলোচনা বসতে চলেছে বলে সূত্রের খবর। বিশ্বব্যাঙ্কের সাহায্যপ্রাপ্ত একটি প্রকল্প বর্তমানে চলছে। এই মঞ্চে মূলত গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদীর বিভিন্ন সমস্যা সেচমন্ত্রী তুলে ধরবেন। কেন্দ্রের বন্দর, নৌ পরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে চার রাজ্যের মন্ত্রী-আমলারা অংশগ্রহণ করবেন এই আলোচনায়। রাজ্যে এই প্রকল্পের ‘নোডাল দপ্তর’ হল পরিবহণ দপ্তর। তবে নদী সংক্রান্ত আলোচনা হবে বলে বাংলার সেচমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে মত প্রশাসনিক মহলের। জানা গিয়েছে, নদীর নাব্যতা কমে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা ফের একবার তুলে ধরব রাজ্য। সেই সঙ্গে ভাঙন রোধের টাকা না দেওয়ায় বাংলার মানুষের দুর্দশার কথাও কেন্দ্রীয় মন্ত্রীকে মানসবাবু জানাবেন। তাঁর সঙ্গে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেচদপ্তরের যুগ্ম সচিব বিপ্লব মুখোপাধ্যায়। পরিবহণ দপ্তরের তরফে অংশ নেবেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সিরাজ দানেশ্বর।



