নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আজ, শুক্রবার দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করতে বাঁকুড়ায় আসছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ব্যারাজের উপরে থাকা বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক সংস্কারের কাজ পাঁচদিন আগেই শেষ হয়েছে। সেচ দপ্তর ওই কাজটি করেছে। ফলে কাজের গুণগত মান খতিয়ে দেখতেই মন্ত্রী এলাকা পরিদর্শন করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, সেচমন্ত্রী আসছেন। তাঁর কাছে কিছু দাবি জানানো হবে। পরিস্রুত পানীয় জলের জন্য বাঁকুড়া শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের বহু দূরে বড়জোড়া প্রকল্পের উপর ভরসা করতে হয়। বিকল্প হিসাবে ‘গন্ধেশ্বরী-দ্বারকেশ্বর’ প্রকল্প রূপায়ন জরুরি। ওই প্রকল্পের ফলে সেচের পাশাপাশি জলাধারের জল শোধন করে পানীয় হিসাবেও ব্যবহার করা যাবে। এতে পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হবে। শীলাবতী নদী সংস্কারের ব্যাপারে তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু মন্ত্রীর কাছে আর্জি জানাবেন। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, ওখানে দামোদর নদের উপর বিকল্প সেতু তৈরির জন্য সেচমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে।



