Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষতিগ্রস্ত ১৮টি ব্রিজ নতুন করে তৈরি করছে সেচদপ্তর

ক্ষতিগ্রস্ত ১৮টি ব্রিজ নতুন করে তৈরি করছে সেচদপ্তর
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : বছর খানেক আগে ডিভিসির ছাড়া জলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বন্যায় চাষের জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছিল। ক্ষতি হয়েছিল একাধিক ব্রিজের। সমস্যায় পড়েছিলেন বহু সাধারণ মানুষ। এবার সেইসব ব্রিজ নতুনভাবে তৈরি করছে সেচদপ্তর। কয়েক কোটি টাকা ব্যয়ে উদয়নারায়ণপুরে ১৮টি ব্রিজ তৈরি করা হচ্ছে। সেচদপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারের উদ্যোগে মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারের যৌথ আর্থিক সহযোগিতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রাজ্যের পাঁচটি জেলার বন্যা নিয়ন্ত্রণের কাজ চলছে। এই প্রকল্পে নদীবাঁধ নির্মাণ ছাড়াও ১৮০ কিলোমিটার প্রধান খাল এবং ২৭০০ কিলোমিটার সহকারী খাল সংস্কার করা হবে। আর প্রকল্পের কাজের অঙ্গ হিসেবে উদয়নারায়ণপুর ব্লকের ১৮টি ব্রিজ তৈরি করা হচ্ছে। সেচদপ্তর সূত্রে খবর, সোনাতলা গ্রাম পঞ্চায়েত, ডিহিভুরসুটের ঘোলা এলাকা সহ ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্রিজগুলি তৈরি করা হচ্ছে। কোথাও ঢালাই আবার কোথাও লোহার ব্রিজ তৈরি করা হবে। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, ব্রিজগুলি ভেঙে যাওয়ায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। মেজর ইরিগেশন প্রকল্পে সেগুলি পুনরায় নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে, নতুন ব্রিজ তৈরি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশি এলাকার মানুষ।  -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ