সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ২ ব্লকের ডিহিমণ্ডলঘাট ১, ২ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় একটি বড় সমস্যা রূপনারায়ণের ভাঙন। এনিয়ে আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের সুরক্ষার জন্যই এবার রূপনারায়ণের ভাঙন রোধে কাজ শুরু করল সেচদপ্তর। সূত্রের খবর, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০৪০ মিটার নদীর নদী পাড়ে বোল্ডার পিচিং করা হচ্ছে।
জানা গিয়েছে, শ্যামপুরের রূপনারায়ণ নদী তীরবর্তী বানিয়া, সাঁইবেরিয়া, পলতাবেড়িয়া, মাখালপাড়া এলাকার ভাঙন ক্রমবর্ধমান। এই নিয়ে উদ্বেগে নদী তীরবর্তী কয়েক হাজার বাসিন্দা। রূপনারায়ণ নদীর একদিকে পূর্ব মেদিনীপুর ও অন্যদিকে হাওড়া। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, জোয়ারের জলের ধাক্কায় হাওড়ার দিকে প্রতিনিয়ত নদীর পাড় ভাঙছে। বর্ষার সময় এই ভাঙন ভয়াবহ আকার নেয়। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে জলোচ্ছ্বাসের কারণেও ব্যাপক ক্ষতি হয়েছিল নদীর পাড়ে।
এই ভাঙন রোধে সেচদপ্তরের কাছে স্থায়ী ও পাকাপোক্ত কাজের দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেইমত ওই এলাকায় নদীর পাড়ে বোল্ডার পিচিং শুরু করেছে সেচদপ্তর। বিষয়টি নিয়ে শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা বলেন, ভাঙনের ফলে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে। তবে বোল্ডার পিচিংয়ের কাজ শুরু হওয়ায় এই ভাঙন আটকানো সম্ভব হবে বলে দাবি নদেবাসী জানার। নিজস্ব চিত্র