সংবাদদাতা, বোলপুর: ‘বর্তমান’ পত্রিকার খবরের জের। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সিয়ান-মুলুক পঞ্চায়েতের গয়েশপুরে সেচের ক্যানেল বোজানোর ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ করল সেচদপ্তর। দিনকয়েক আগে জেসিবি দিয়ে ক্যানেল বুজিয়ে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে মাফিয়াদের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের এই কার্যকলাপ চললেও বিষয়টি প্রশাসনের নজরে পড়েনি। সেই খবর ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে সেচদপ্তর। এরপর শুক্রবার, এই ঘটনায় যুক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিসে অভিযোগ জানায় সংশ্লিষ্ট দপ্তর। সঙ্গে সঙ্গে পুলিসও তদন্ত শুরু করে। বোলপুর থানার এই তৎপরতায় খুশি স্থানীয় কৃষকরা।
প্রসঙ্গত, দিনকয়েক আগে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সিয়ান-মুলুক পঞ্চায়েতের গয়েশপুর মৌজার একটি সরকারি ক্যানেল বোজানোর ঘটনা সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, ক্যানেল বুজিয়ে সরকারি জমি দখল করে কোটি কোটি টাকায় বিক্রি করার উদ্দেশ্যে এই কার্যকলাপ চলছে। তার প্রেক্ষিতে, স্থানীয় কৃষকরা সরব হয়ে বীরভূমের জেলাশাসক, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ সরকারি আধিকারিকদের ই-মেল মারফত অভিযোগ জানান। অভিযোগে তাঁরা জানিয়েছিলেন, ‘মুলুক সংলগ্ন বোলপুরের আরতি মোড়ের কাছে জার্মান জল প্রকল্পের পাশে একটি সরকারি ক্যানেলে সম্প্রতি কিছু মাফিয়া সরকারি জমি বিক্রির উদ্দেশ্যে ক্যানালের বাঁধটি জেসিবি দিয়ে ভেঙে রাস্তা তৈরি করেছে। এতে এলাকায় কৃষিকাজে ব্যাঘাত ঘটবে। জল নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়বে। তাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন এবং কৃষিকাজ লাটে উঠবে।’ তাই আগের অবস্থায় ফেরানো সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে তাঁরা আবেদন করেন। বিষয়টি জানাজানি হতেই ওই এলাকায় শোরগোল শুরু হয়। তারপরেও দুর্বৃত্তদের কার্যকলাপ বন্ধ হয়নি। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই তৎপর হয় সেচদপ্তর। এরপরই শুক্রবার তারা বোলপুর থানার দ্বারস্থ হয়। এ প্রসঙ্গে সেচদপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টি জানার পর আমাদের আধিকারিকরা ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন। এর পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সেচ ক্যানেল ক্ষতি করার জন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। সেচদপ্তরের জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ললিত সিং বলেন, পুলিস প্রশাসনকে অভিযোগ জানিয়েছি।