Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ধনঞ্জয়পুর পঞ্চায়েতে অনিয়ম, এফআইআর দায়েরের নির্দেশ

সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসল নাকাশিপাড়া ব্লক প্রশাসন। ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের ‘চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ’ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

ধনঞ্জয়পুর পঞ্চায়েতে অনিয়ম, এফআইআর দায়েরের নির্দেশ
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসল নাকাশিপাড়া ব্লক প্রশাসন। ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের ‘চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ’ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলগুলির জন্য চারটি সৌরচালিত সাবমার্সিবল পানীয় জল প্রকল্প নেওয়া হয়। প্রতিটি প্রকল্পে প্রায় আড়াই লক্ষ টাকা করে বরাদ্দ ছিল। অভিযোগ, প্রকল্পগুলির অধিকাংশ কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও সরকারি নথিতে ওই কাজ সম্পূর্ণ দেখিয়ে প্রায় ১০ লক্ষ টাকার বিল মিটিয়ে দেওয়া হয়। তদন্তে দেখা গিয়েছে, কোথাও মাত্র ২০ শতাংশ, আবার কোথাও ৩০-৩৫ শতাংশ কাজ হয়েছে। আবার কয়েকটি প্রকল্প অনুমোদিত স্থানের পরিবর্তে অন্যত্র করা হয়েছে।

Advertisement

এই অনিয়মের অভিযোগ তুলে ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য রাজকুমার সরকার নাকাশিপাড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ব্লক প্রশাসনের একটি তদন্তকারী দল সরেজমিনে প্রকল্পগুলি খতিয়ে দেখে। তদন্তে সরকারি অর্থের অপব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সত্যতা মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিডিও মানস চক্রবর্তী নাকাশিপাড়া থানাকে চিঠি দিয়ে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অমিতাভ ভট্টাচার্য, দুই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দেন। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ওই নির্মাণ সহায়কের বিরুদ্ধে এর আগেও বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে। বিডিও বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ