তেহরান: সংঘর্ষ বিরতির লক্ষ্যে ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আলোচনার সেই দাবি নস্যাৎ করে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপ শুরু করেছে তেহরান। ইরানের জয়েন্ট মিলিটারি কমান্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির ঠেস, ‘নিজের পরাজয়কে চুক্তির মোড়ক দেবেন না।’ ট্রাম্পের সমালোচনা করে ইরানের সরকারি টিভি চ্যানেলে তাঁর কটাক্ষ, ‘নিজের সঙ্গেই আলোচনা চালাচ্ছেন নাকি? আপনার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কী এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে!’ এরপরই সুর চড়িয়ে জোলফাকারি বলেন, ‘আপনার মতো মানুষের সঙ্গে আমরা কখনও এক রাস্তায় হাঁটতে পারি না। আমরা বরাবর বলে এসেছি, আমাদের কেউ আপনার সঙ্গে কোনো চুক্তি করবে না... এখন নয়, কোনোদিনই নয়।’
আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমাধানের জল্পনা সাফ খারিজ করে দিয়েছেন ইরান সেনার এই মুখপাত্র। তাঁর বরং দাবি, পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন আর কখনও তাদের পুরানো আর্থিক ও কৌশলগত অবস্থান ফিরে পাবে না। জোলফাকারির হুমকি, ‘গোটা অঞ্চলে আপনাদের বিনিয়োগের আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। জ্বালানি ও তেলে আগের মতো দামও আর কখনও পাবেন না আপনারা।’ শুধু তাই নয়, ‘মার্কিন-ইহুদি শাসনে’র বিরুদ্ধে পশ্চিম এশিয়ার দেশগুলিকে একত্রিত হওয়ার আর্জিও জানিয়েছেন ইরানের সেনা মুখপাত্র। বন্ধু দেশ হিসাবে আমেরিকার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জোলফাকারি কথায়, ‘ইজরায়েলকে অগ্রাধিকার দেওয়া বহু দূরের একটি দেশ (আমেরিকা প্রসঙ্গে) আপনাদের সঙ্গে গোরু-ছাগলের মতো আচরণ করে। এরকম একটি দেশের সঙ্গে বন্ধুত্বের দরকার কী? আপনাদের নিরাপত্তা দিতে আমেরিকা কখনও একটি বুলেটও কি কোনোদিন খরচ করবে?’