দুবাই, ১১ জুন: ফের বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। মার্কিন হামলা শুরু হতেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্তব্ধ করে দিল ইরান। হরমুজ দিয়ে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্প বা আইআরজিসি। যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ২ শতাংশের বেশি বাড়ল।
একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান উপসাগর। মাঝে ছোট্ট ৩৩ কিমি বিস্তৃত প্রণালী। নাম, হরমুজ। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং গ্যাসের সাপ্লাই হয়। কিন্তু দেশের মাটিতে মার্কিন অভিযান শুরু হতেই হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দু’টি তেলবাহী ট্যাংকারে হামলা করেছে আইআরজিসি।
এদিকে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দর ২.৪৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯৫.৪০ ডলার। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে এর দাম ২.৮৯ শতাংশ বেড়েছে। ফলে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯২.৬৩ ডলার।