ধরমশালা: আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার ধরমশালাতে বাতিল হয়ে গেল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন পাঞ্জাবের ব্যাটাররা। কিন্তু ইনিংসের মাঝপথেই বাধে গোলোযোগ। আচমকাই মাঠের একটি ফ্ল্যাডলাইট বন্ধ হয়ে যায়। পরে বাকি ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়, পরিস্থিতির কথা মাথাতে রেখে আজকের আইপিএলের ম্যাচ বাতিল করা হল। দ্রুত দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, দুই দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই ট্রেনে করেই ফিরিয়ে আনা হচ্ছে খেলোয়াড়দের।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকাতে হামলা চালাতে থাকে পাক বাহিনী। পাঠানকোট, জম্মু, কুপওয়ারা, কচ্ছ, জয়সলমের মতো জায়গায় ড্রোন, মিশলাই কিংবা যুদ্ধবিমান দিয়ে হামলা চালাতে থাকে পাক সেনা। যা দক্ষ হাতে প্রতিহত করে ভারতীয় সেনা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বাতিল করা হয় আইপিএল ম্যাচ।