নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। তারপর আর কিপিং করতে পারেননি। নামেননি ব্যাট হাতেও। টেস্ট রিপোর্টে দেখা যায় তাঁর বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছে। এর সঙ্গে কনকাসন বিরতির নিয়ম যুক্ত হওয়ায় আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি। ফলে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই রঘুবংশী। পাঁচটি হাফ-সেঞ্চুরি সহ মোট ৪২২ রান করা মিডল-অর্ডার ব্যাটারের অনুপস্থিতি নিঃসন্দেহে নাইট শিবিরে বড় ধাক্কা। কারণ, কলকাতার হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক রান তাঁরই।
মুম্বইয়ের বিরুদ্ধে অঙ্গকৃশের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামা মণীশ পাণ্ডে অবশ্য ব্যাট হাতে ভরসা দেন। তাঁর ব্যাটে আসে ৪৫ রান। কিন্তু অঙ্গকৃশের কনকাসন পরিবর্ত তেজস্বী দাহিয়া করেন ১১। রবিবার দিল্লির বিরুদ্ধেও নাইটদের কম্বিনেশন নিয়ে চর্চা বাড়ছে। তেজস্বীর উপরেই কি কিপার-ব্যাটার হিসেবে ভরসা রাখা হবে? কৌতূহলী সমর্থকরা। কলকাতার অবশ্য চোট-আঘাত সমস্যা আরও রয়েছে। চোট সারিয়ে মাঝপর্বে দলে যোগ দেওয়া মাথিশা পাথিরানা আট বলের বেশি করেননি। তাঁর খেলার সম্ভাবনা কম। পুরো ফিট না হয়েও খেলছেন বরুণ চক্রবর্তী। বাস্তবে, সুনীল নারিনের সঙ্গে তাঁর স্পিন জুটি নাইটদের বড় অস্ত্র। দিল্লির বিরুদ্ধে জিততেই হবে পরিস্থিতিতে এই দুই স্পিনারের দিকে তাকিয়ে দল। কলকাতাকে অবশ্য শুধু জিতলেই হবে না, নেট রান-রেটও বাড়িয়ে রাখা দরকার। তবে ম্যাচ খেলতে নামার আগেই সমীকরণ স্পষ্ট হয়ে যাবে নাইটদের সামনে।