নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড় লাখ টাকা দামের আইফোন ছিনতাইয়ের কিনারা করল হেয়ার স্ট্রিট থানার পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহম্মদ আব্দুলকে হাওড়ার বাঁকড়া থেকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানা। তবে এই ঘটনায় এখনও একজন পলাতক। পাশাপাশি খোয়া যাওয়া আইফোনটি এখনও উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৯ মে রাতে। ধর্মতলার রানি রাসমনি অ্যাভিনিউতে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন দুই যাত্রী। আচমকাই ঝড়ের গতিতে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী এক যাত্রীর হাতে থাকা আইফোনটি ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। ছিনতাইয়ের পর স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যাত্রী।
সন্ধ্যারাতে ধর্মতলার মতো জমজমাট এলাকা থেকে আইফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে হেয়ার স্ট্রিট থানার পুলিস। তদন্তে নেমে ওই তল্লাটের সিসি ক্যামেরার ফুটেজ ঘাঁটতে গিয়ে পুলিস দেখে, বাইকের নম্বর না মিললেও, মোটাসোটা এক যুবক ওই বাইকটি চালাচ্ছিল। এরপরই পুলিস সিসি ক্যামেরার ফুটেজ থেকে মেলা ছবি সোর্সদের মধ্যে ছড়িয়ে দেয়। আর এই ছবির সূত্র ধরেই সোর্সের সাহায্য নিয়ে এক দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিস। তারপরই হাওড়া জেলার বাঁকড়ায় এক বন্ধুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার অভিযুক্ত মহম্মদ আব্দুলকে গ্রেপ্তার করে। ধৃত মহম্মদ আব্দুলকে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হয়। বিচারক তাকে ১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি রাধানাথ রং।
এদিকে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিসের এক সূত্র জানাচ্ছে, আদপে হাওড়ার দাশনগরের বাসিন্দা আব্দুল মাস দুয়েক আগে এক মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছে। তারপরই এই ছিনতাইয়ের ঘটনা। তার বিরুদ্ধে অতীতেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মূলত এই জোড়া যুক্তিকে ঢাল করে এদিন আদালতে ধৃতের জামিনের আবেদনে আপত্তি তুলেছিলেন সরকারি কৌঁসুলি।