নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খুব শীঘ্রই ইপিএফের সঙ্গে যুক্ত করা হবে ইউপিআই। এর ফলে ‘ডিজিটাল ওয়ালেট’ ব্যবহার করে আরও সহজে নিজের পিএফ অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবেন কর্মী পিএফের গ্রাহকরা।
Advertisement
শ্রমমন্ত্রক সূত্রে খবর, পরবর্তী তিন মাসের মধ্যেই ইপিএফে ইউপিআই ব্যবস্থা যুক্ত হয়ে যাবে। এই ব্যাপারে ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’র (এনপিসিআই) সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। যদিও এর পরেও উঠছে একাধিক প্রশ্নও। আগেই ইপিএফ এটিএম কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল ইপিএফও-র তরফে। তার কি হবে? এটিএম কার্ড যদি চালুই না হয়, তাহলে কোন পদ্ধতিতে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট পিএফ অ্যাকাউন্টের তথ্য জুড়বে? এমন শ’য়ে শ’য়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কর্মী পিএফের গ্রাহকদের মনে। যদিও শুক্রবার রাত পর্যন্ত এই ব্যাপারে ধোঁয়াশা কাটানোর কোনও উদ্যোগ নেয়নি শ্রমমন্ত্রক।



