সংবাদদাতা, বর্ধমান: রায়নার খালেরপুল এলাকার স্কুলছাত্রীকে অপহরণের মামলায় জামিনে মুক্ত থাকা দুই অভিযুক্তের পলিগ্রাফ এবং ভয়েস অ্যানালিসিস টেস্ট করাতে চায় সিবিআই। নিখোঁজ ছাত্রীর হদিশ এখনও পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী, তদন্তে বেশি দূর এগোতেও পারেনি সিবিআই। সে কারণে ঘটনার কিনারায় বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নেওয়া জরুরি বলে মনে করছে তারা। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে তা পরীক্ষা করার জন্য পলিগ্রাফ টেস্ট জরুরি বলে আদালতে জানিয়েছে সিবিআই। এছাড়াও তদন্তকারী সংস্থা যেসব তথ্য হাতে পেয়েছে তার ভিত্তিতে দুই অভিযুক্তের ভয়েস অ্যানালিসিস টেস্ট করা প্রয়োজন বলে তদন্তকারী সংস্থার দাবি। দুই অভিযুক্ত এ ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে সিবিআই জানিয়েছে। তা জানিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বৃহস্পতিবার বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আবেদন জমা করে। এছাড়াও গলসি থানার একটি অপহরণের একটি মামলায় ধৃত রহিম শেখ ওরফে খোকন ও রমেশ কুমার ওরফে রাজেশকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। রহিম ভিনরাজ্যে শ্রমিক পাঠানোর কারবারে জড়িত। নিখোঁজ হওয়ার দিন স্কুলছাত্রীকে বর্ধমান স্টেশন লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনে সে দেখেছিল বলে সিবিআই জানতে পেরেছে। সেকারণে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করছেন তদন্তকারী অফিসার। রহিম এবং খোকন বর্তমানে সংশোধনাগারে রয়েছে। সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আদালতের কাছে অনুমতি চান তদন্তকারী অফিসার। আবেদনটি মামলার নথিতে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। ২৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। বেশ কিছুদিন ধরে মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী আদালতে হাজির থাকছেন না। এনিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়। কেন সিবিআইয়ের আইনজীবী দিনের পর দিন আদালতে হাজির হচ্ছেন না তার ব্যাখ্যা তদন্তকারী অফিসারের কাছে চান বিচারক। পরবর্তী শুনানিতে সিবিআইয়ের আইনজীবী যেন হাজির থাকেন সে ব্যাপারে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারক। পলিগ্রাফ এবং ভয়েস অ্যানালিসিস টেস্টের আবেদনের শুনানির দিন দুই অভিযুক্ত যাতে আদালতে হাজির থাকে তার নির্দেশ দিয়েছেন বিচারক।



