চোরবাগান কাণ্ডে জেলবন্দি দুই ঘোষকের স্বরের নমুনা সংগ্রহ করলেন তদন্তকারীরা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের গাফিলতিকেই নিশানা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘মণ্ডপ ভেঙে পড়ছে’— এই মিথ্যা প্রচারেই অন্ধকার, সংকীর্ণ মণ্ডপে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর তাতেই বিপর্যয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই ঘোষককে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ভিড় মণ্ডপে চাঞ্চল্য তৈরি করা ওই ঘোষণা কে করেছিলেন? তা জানতে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেন তদন্তকারীরা। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফরেন্সিক বিশেষজ্ঞরা ধৃত কুশল মজুমদার ও সঞ্জীব রাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন। 

Advertisement

লালবাজার জানিয়েছে, মণ্ডপে যাবতীয় ঘোষণার দায়িত্বে ছিলেন সঞ্জীব। তিনি চোরবাগানের কোষাধ্যক্ষ পদেও রয়েছেন। নদীয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জীবকে। আরও একজন ঘোষক ছিলেন। তাঁর নাম কুশল মজুমদার। দু’জনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মণ্ডপে ভিড়ের চাপ বেশি হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় ভিড়ের চাপ আরও বাড়ে। তখন ঘোষকের দায়িত্ব কুশলকে দিয়ে ভিড় সামলাতে মণ্ডপে যান সঞ্জীব। এরপরেই মাইকে শোনা যায় সেই ঘোষণা— ‘ভিড়ের চাপে মণ্ডপ ভেঙে পড়ছে, আপনারা বেরিয়ে যান।’ হুড়োহুড়ি পড়ে যায় মুহূর্তে।  এই ঘোষণা আদতে কে করেছিলেন, তা প্রযুক্তির মাধ্যমে যাচাই করতে চায় সিট। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, আমদানি সেলে ছিলেন দুই অভিযুক্ত। সেখান থেকে তাঁদের পৃথক কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে আলাদাভাবে দুই ঘোষকের গলার স্বরের নমুনা নেওয়া হয়। লালবাজার জানিয়েছে, ঘোষণার সঙ্গে এই দুই অভিযুক্তের গলার স্বরের নমুনা মিলিয়ে দেখা হবে। সেই রিপোর্ট এলে তদন্ত গতি পাবে বলে আশাবাদী পুলিশ।
এদিকে, চোরবাগান কাণ্ডে জখম হওয়ায় গিরিশ পার্ক থানার ওসির পদ থেকে সাময়িক ভাবে সরানো হয়েছিল সুমিত কুমার ঘোষকে। সেই জায়গায় লালবাজারের গোয়েন্দা বিভাগে কর্মরত হীরক দলপতিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার হীরকবাবুকেই পাকাপাকিভাবে গিরিশ পার্ক থানার দায়িত্ব দেওয়া হয়েছে।